স্পোর্টস ডেস্ক
ম্যাচের লম্বা সময় ১০ জন নিয়ে খেলল বার্সেলোনা। প্রতিপক্ষ বেনফিকা আক্রমণও করল। তবু চীনের প্রাচীর হয়ে থাকা ভয়চেখ স্ট্যান্সনির প্রতিরোধ ভাঙতে পারল না তারা। বরং নিজেদের ভুলেই গোল হজম করে বসল। ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ল হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলার প্রথম লেগে বেনফিকার মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরেছে বার্সা। সব প্রতিযোগিতা মিলিয়ে মৌসুমে নিজের ২৫তম গোলে ব্যবধান গড়ে দিয়েছেন রাফিনিয়া।
এদিন বার্সেলোনার হয়ে ক্যারিয়ারের প্রথম লাল কার্ড দেখে ২২তম মিনিটে মাঠ ছাড়েন তরুণ ডিফেন্ডার পাউ কুবার্সি। তবে বাকি সময়ে চোয়লবদ্ধ প্রতিজ্ঞায় রক্ষণ সামলে দারুণ এক জয় তুলে নিল বার্সেলোনা।
বিরতির পর ৬১তম মিনিটে বেনফিকার উপহার কাজে লাগিয়ে বার্সেলোনাকে এগিয়ে নেন রাফিনিয়া। স্বাগতিকদের অর্ধে আন্তোনিও সিলভার একটি দুর্বল ব্যাক পাস নিয়ন্ত্রণে নিয়ে ডি বক্সের বাইরে থেকে গতিময় শটে পোস্ট ঘেঁষে জালে পাঠান তিনি।
আগামী মঙ্গলবার বার্সেলোনায় হবে ফিরতি লেগ।











































