স্পোর্টস ডেস্ক
মাঠে একক আধিপত্ত ধরে রাখল পিএসজি। একের পর এক আক্রমণে লিভারপুলের ভেসে যাওয়ার অবস্থা। গোলরক্ষকক আলিসনের দুর্দান্ত কয়েকটি সেভে কোনোমতে তারা আগলে রাখতে পারল জাল। উল্টো সেই তারাই শেষ দিকে বল পাঠিয়ে দিল পিএসজির জালে! হার্ভে এলিয়ট বদলি নামার পরের মিনিটেই গোল করে দলকে অবিশ্বাস্য এক জয় এনে দিলেন।
বুধবার রাতে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে আর্না স্লটের শিষ্যরা। যেখোনে বদলি নামার ৪৭ সেকেন্ড পরই, ম্যাচে নিজের প্রথম স্পর্শে, ৮৭তম মিনিটে গোলটি করেন ২১ বছর বয়সী ইংলিশ উইঙ্গার এলিয়ট।
বিস্ময়করভাবে, গোটা ম্যাচে লক্ষ্যে লিভারপুলের প্রথম ও একমাত্র শট এটিই! গোলের জন্য তারা শট নিতেই পারে মাত্র দুটি। যেখানে প্রায় ৭১ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য ২৭টি শট নিয়ে ১০টি লক্ষ্যে রাখতে পারে পিএসজি, ব্যর্থ হয় তাদের সব প্রচেষ্টা।
ম্যাচের ৮৬তম মিনিটে মোহামেদ সালাহর বদলি হিসেবে নামেন এলিয়ট। এরপরই তার গোল, যেখানে বড় অবদান আছে আলিসনেরও। উঁচু করে শট নেন তিনি। নুনেস বল নিয়ন্ত্রণে নিয়ে পাস দেন বক্সে, ছুটে গিয়ে শট নেন এলিয়ট, বল গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মার হাতে লেগে জালে জড়ায়। উল্লাসে মেতে ওঠে লিভারপুল শিবির।
নাটকীয় এই জয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে কিছুটা এগিয়ে রইল লিভারপুল। আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে হবে ফিরতি লেগ।











































