Home খেলাধুলা অবশেষে পাকিস্তানের মাঠে দেখা গেল ভারতের পতাকা

অবশেষে পাকিস্তানের মাঠে দেখা গেল ভারতের পতাকা

8


স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগে পতাকা-বিতর্কে পড়েছিল পাকিস্তান। দেশটির লাহোর ও করাচির স্টেডিয়ামে ভারত ছাড়া অন্যদের পতাকা উড়তে দেখা যায়। এরপরেই শুরু হয় বিতর্ক। অবশেষে সেই বিতর্কের অবসান হলো। করাচির মাঠে দেখা গেল ভারতের পতাকা। বাকি অংশগ্রহণকারী দেশগুলির সঙ্গেই ভারতের পতাকা রয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানের এক ইউটিউবার একটি ছবি পোস্ট করেছেন। সেখানে অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ডের পতাকার পাশেই রয়েছে ভারতের পতাকা। তিনি আরও জানিয়েছেন, যে সাত জন ভারতীয় সাংবাদিক পাকিস্তানে গিয়ে ম্যাচ কভার করতে চেয়েছিলেন, তাদেরও ভিসা দেওয়া হয়েছে।

এর আগে গত সোমবার একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল। যেখানে লাহোর, করাচির স্টেডিয়ামে বাকি দেশগুলির পতাকা থাকলেও ভারতের পতাকা দেখা যায়নি। তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। প্রথা অনুযায়ী, যে যে মাঠে খেলা হবে, সেখানে অংশগ্রহণকারী সব দেশের পতাকা থাকে। পাশাপাশি আইসিসির পতাকাও থাকে। চ্যাম্পিয়নস ট্রফিতে আটটি দেশ খেলে। সুতরাং পাকিস্তানের তিনটি মাঠেই আটটি দেশের পতাকা থাকার কথা।

পরে বিতর্কের মুখে পাকিস্তান বোর্ডের একটি সূত্র ‘ইন্ডিয়া টুডে’ ওয়েবসাইটে বলেছিলেন, ‘আইসিসির নির্দেশ অনুযায়ী ম্যাচের দিন চারটি পতাকা টাঙানো যাবে। আয়োজক পাকিস্তান, উদ্যোক্তা আইসিসি এবং যে দু’টি দেশ খেলছে তাদের।’ তবে এই কথার সঙ্গে মিলছিল না ভিডিও। যে ভিডিও ছড়িয়ে পড়েছিল সেখানে ভারত ছাড়া সমস্ত অংশগ্রহণকারী দেশেরই পতাকা দেখা গিয়েছিল। অস্ট্রেলিয়া, বাংলাদেশ, আফগানিস্তান, ইংল্যান্ডের পতাকা ছিল সেখানে।

অবশ্য এবার ভারতের পতাকা দেখা যাওয়া দু’দেশের মধ্যে উত্তেজনা কমল বলেই মনে করা হচ্ছে। চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তান অভিযান শুরু করছে আজ বুধবার নিউজিল্যান্ডের বিপক্ষে। আগামীকাল ভারতের সামনে বাংলাদেশ।