স্পোর্টস ডেস্ক
নিউজিল্যান্ড ও পাকিস্তানের ম্যাচ দিয়ে শুরু হয়েছে চ্যাম্পিয়নস লিগের নবম আসর। টুর্নামেন্টে পরদিন মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল তিনটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ২০২৩ সালের পর ওয়ানডেতে আবারও মুখোমুখি হতে যাচ্ছে দুই দল।
গত ৬ মাসে মাত্র দুইটি ওয়ানডে সিরিজ খেলে চ্যাম্পিয়নস ট্রফিতে এসেছে ভারত। গত বছরের জুলাইয়ে শ্রীলংকার বিপক্ষে সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ঘরের মাঠে ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়েছে তারা। অপরদিকে, ২০২৪ সালের শুরুর পর থেকে নয়টি ওয়ানডে ম্যাচ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে টাইগারদের জয় তিন ম্যাচে। এই সময়ে আফগানিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে ও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩-০ ব্যবধানে সিরিজ হেরেছে নাজমুল হোসেন শান্তর দল।
আন্তর্জাতিক অভিষেকের দুই বছর পর ১৯৮৮ সালের অক্টোবরে এশিয়া কাপে ঘরের মাঠে প্রথমবারের মতো ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। এর পর থেকে এশিয়ার দুটি দেশ এই ফরম্যাটে ৪১ বার একে অপরের মুখোমুখি হয়েছে। যেখানে ভারত ৩২-৮ ব্যবধানে এগিয়ে রয়েছে।
তবে, ভারতের বিপক্ষে বাংলাদেশের মোট আটটি জয়ের মধ্যে তিনটিই এসেছে শেষ পাঁচটি ম্যাচে। যার মধ্যে ঘরের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জয় এবং ২০২৩ এশিয়া কাপের সুপার ফোরের লড়াইয়ে ছয় রানের জয়ও আছে। ২০২৩ সালের একদিনের বিশ্বকাপে পুনেতে টাইগারদের সাত উইকেটে হারিয়ে ভারত শেষ হাসি হেসেছিল।











































