স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। সেখানে তিনি দেখা করেছেন বাংলাদেশের হয়ে খেলার অপেক্ষা করা হামজা চৌধুরীর সঙ্গে। বুধবার রাতে লেস্টার সিটির এই ফুটবলারের মা-বাবার সঙ্গে সৌজন্য সাক্ষাৎকার করেন তাবিথ। পরে নৈশভোজের সময়ে যোগ দেন হামজাও।
কিং পাওয়ার স্টেডিয়ামে সেদিন লেস্টারের ম্যাচ থাকলেও মাঠের বাইরে ছিলেন হামজা। সেখানে তার মা-বাবার সঙ্গে সাক্ষাৎকার পর্ব সেরে একসঙ্গে লেস্টার-ক্রিস্ট্যাল প্যালেস ম্যাচ উপভোগ করেন বাফুফে সভাপতি। ম্যাচের পর পরিবার ও তাবিথের সঙ্গে নৈশভোজে আসেন হামজা চৌধুরী। বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজে বৃহস্পতিবার তাদের একটি ছবি প্রকাশ করা হয়। সেখানে বাফুফে সভাপতির সঙ্গে হাস্যজ্জ্বলভাবে দেখা যায় হামজাকে। ছবিটির ক্যাপশনে লেখা হয়, ‘হামজার সঙ্গে সম্পর্ক গড়ার লক্ষ্যেই এই সাক্ষাৎ।’ ফিফার সব ধরনের আনুষ্ঠানিকতা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। লাল-সবুজদের প্রতিনিধি হয়ে খেলতে আর কোনো বাঁধা নেই হামজার। আগামী ২৫শে মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদশের হয়ে অভিষেক হবার কথা রয়েছে এই মিডফিল্ডারের। বাফুফে সভাপতির সঙ্গে সেই ম্যাচের প্রস্তুতি নিয়ে সামান্য আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। সেখানে উপস্থিত ছিলেন বাফুফের কার্যনির্বাহী সদস্য ইমতিয়াজ হামিদও। এ ব্যাপারে তিনি জানান, ‘এটি সৌজন্য সাক্ষাৎকার ছিল। কুশল বিনিময় হয়েছে। নৈশভোজ হয়েছে। আমরা হামজার খেলা দেখেছি। এশিয়ান কাপে ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে হামজা খেলবে কি না, তা বাফুফের পক্ষ থেকে জানানো হবে। আমি এ ব্যাপারে মুখপাত্র নই। তবে এতটুকু বলতে পারি, প্রথম ম্যাচ খেলার জন্য হামজা মুখিয়ে রয়েছে।’
এর আগে গত ডিসেম্বরে একটি বিজ্ঞপ্তিতে বাফুফে জানায়, ‘অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশের জাতীয় ফুটবল দলে খেলার অনুমতি পেয়েছেন। ফিফার ফুটবল ট্রাইব্যুনালের প্লেয়ার স্ট্যাটাস চেম্বার এ সিদ্ধান্ত জানিয়েছে।’ এরপর হামজা চৌধুরি নিজেও তার ভেরিফাইড ফেজবুক পেজে একটি ভিডিও বার্তা দেন। সেখানে তিনি বলেন, ‘সবকিছু ঠিকমতো চলছে। বাংলাদেশের হয়ে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করি দ্রুতই দেখা হবে।’ গত ২৪শে সেপ্টেম্বর বাংলাদেশের হয়ে খেলার প্রসঙ্গে হামজাকে অনাপত্তিপত্র দেয় ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)। এর পরের পদক্ষেপ হিসাবে ফিফার প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে আবেদন জানায় বাফুফে। সেখান থেকেও আনুষ্ঠানিকভাবে চিঠি পায় সংস্থাটি। লাল-সবুজের প্রতিনিধিত্ব করার আগেই বর্তমান ক্লাব লেস্টার সিটি ছাড়তে যাচ্ছেন হামজা। মৌসুমের বাকি সময়টা তাকে দেখা যেতে পারে ইংলিশ চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে। বৃটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ক্লাবটি হামজাকে দলে ভেড়ানোর জন্য মুখিয়ে রয়েছে।











































