Home খেলাধুলা চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন লামিন ইয়ামাল

চোট কাটিয়ে অনুশীলনে ফিরলেন লামিন ইয়ামাল

22


স্পোর্টস ডেস্ক

নতুন বছরে স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনা সমর্থকদের জন্য দারুণ খুশির সংবাদ। প্রত্যাশিত সময়ের বেশ আগেই চোট কাটিয়ে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন প্রাণভোমরা লামিন ইয়ামাল।
স্প্যানিশ লা লিগায় গত ১৬ই ডিসেম্বরে লেগানেসের বিপক্ষে চোটে পড়েন বার্সার স্প্যানিশ উইঙ্গার ইয়ামাল। তখন ক্লাব থেকে জানানো হয় চোট থেকে ফিরতে এই ১৭ বছর বয়সীর সময় লাগবে তিন থেকে চার সপ্তাহ। প্রত্যাশিত সময়ের প্রায় অর্ধেকের আগেই বৃহস্পতিবার দলের সঙ্গে অনুশীলন করেছেন তিনি। শনিবার কোপা দেল রে’র শেষ বত্রিশে বার্বাস্ত্রোর বিপক্ষে মাঠে নামবে হান্সি ফ্লিকের শিষ্যরা। সেই ম্যাচে ইয়ামালের খেলার সম্ভাবনা তেমন একটা নেই। স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে আগামী বুধবার সৌদি আরবের জেদ্দায় যাবে স্প্যানিশ জায়ান্টরা।

সেখানে প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। সুপার কাপ দিয়েই মাঠে দেখা যেতে পারে তরুণ এই ফরোয়ার্ডকে। আরেক সেমিতে বৃহস্পতিবার মায়োর্কার বিপক্ষে নামবে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। দুই জায়ান্ট ক্লাব জয় নিশ্চিত করতে পারলে ফাইনালে দেখা যাবে এল ক্লাসিকো। ১২ই জানুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। সবক’টি ম্যাচই অনুষ্ঠিত হবে জেদ্দায়। চলতি মৌসুমে মোট দুইবার চোটে পড়েন ইয়ামাল। এর আগে সব প্রতিযোগিতা মিলিয়ে ২১ ম্যাচে ইয়ামাল করেন ৬টি গোল এবং করান ১১টি।