মোরেলগঞ্জ প্রতিনিধি
বাগেরহাটের মোরেলগঞ্জের পানগুছি নদীর পাড়ের মোরেলগঞ্জ পৌর শহর থেকে ফুলহাতা অভিমূখী ১০ কিলোমিটার রাস্তা আজও সংস্কার হয়নি। ঘূর্ণিঝড় রেমালের ৯ মাস পরেও স্থানীয় জনগণের দুর্ভোগ অব্যাহত রয়েছে। নদীর তীরবর্তী ৪ হাজার পরিবার দিনে দুবার জোয়ারের পানিতে ভাসছে। স্হানীয়রা দাবি করছেন, দ্রুত এসব রাস্তা সংস্কার ও স্থায়ী বেড়িবাঁধ নির্মানের ।
স্থানীয় জনগণের অভিযোগ, মোরেলগঞ্জ পৌর শহর থেকে ফেরিঘাট সংলগ্ন ১ কিলোমিটার আরসিসি ঢালাই রাস্তা ভেঙে খানা-খন্দে পরিণত হয়েছে, যা ২৫০টি পরিবারের ১ হাজার মানুষের চলাচলে সমস্যা সৃষ্টি করছে।এছাড়াও মোরেলগঞ্জ পৌর শহরের আশপাশের রাস্তাগুলোর অবস্থা অত্যন্ত নাজুক।একইভাবে, মোরেলগঞ্জ পৌর শহর থেকে বারইখালি,সুতালড়ী, বহরবুনিয়া, ফুলহাতা ঘষিয়াখালী পর্যন্ত নদীরপাড় সংলগ্ন ১০ টি গ্রামের যাতায়াতের ১০ কিলোমিটার রাস্তার উল্লেখযোগ্য অংশ বিধ্বস্ত হয়ে নদীতে ভেসে গেছে। ভাঙা রাস্তা, খানা-খন্দ, এবং নদীতে রাস্তার উল্লেখযোগ্য অংশ বিলীন হয়ে যাওয়া এসব এলাকার মানুষের যাতায়াতে ভয়াবহ দুর্ভোগ সৃষ্টি করছে। বিশেষত, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ এবং সাধারণ জনগণ প্রতিনিয়ত সমস্যার সম্মুখীন হচ্ছেন। এছাড়াও এখানকার বেশ কয়েকটি কালভার্ট,কাঠেরপুল,ঢালাই ব্রীজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে ।যা এখনও সংস্কার করার কোন উদ্যোগ নেয়নি কতৃপক্ষ। অস্থায়ী ভিত্তিতে যাতায়াত সহজ করতে ভাঙা রাস্তা এবং কালভার্টগুলো সংস্কার করার দাবী জানান এসকল এলাকার ভুক্তভোগী সাধারন মানুষ। তারা আরও বলেন,আমাদের এই ১০ কিলোমিটার বিপদাপন্ন এলাকায় টেকসই বেড়িবাঁধ নির্মান করে দিলে এটি সরকারের দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নের দিকেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
স্থানীয় চেয়ারম্যানরা জানিয়েছেন, গত ২৬ মে ঘূর্ণিঝড় রেমালে তাদের ইউনিয়নের নদীরপাড় সংলগ্ন মোরেলগঞ্জ ফেরিঘাট থেকে ফুলহাতার ঘষিয়াখালী পর্যন্ত ১০ কিলোমিটার কাচা পাঁকা রাস্তাসহ গ্রামের ভিতরের একাধিক ছোট বড় কাঁচা ও ইট সলিং রাস্তা ঘূর্নিঝড় রেমালে বিধ্বস্ত হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রয়েছে।এ রাস্তাগুলো সংশ্লিষ্ট দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত সংস্কারের জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি। স্থানীয়রা এই পরিস্থিতির দ্রুত সমাধান দাবি করছেন।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো.আরিফুল ইসলাম বলেন, ফেরিঘাট থেকে ফুলহাতা পর্যন্ত ১০ কিলোমিটার কাঁচাপাকা রাস্তার ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে লিখিতভাবে জানানো হয়েছে। তিনি আরও জানান, নদীভাঙনের কারণে এসব রাস্তা প্রতি বছরই ক্ষতিগ্রস্ত হয়। যখন পর্যন্ত টেকসই বেড়িবাঁধ নির্মাণ না করা হবে, তখন পর্যন্ত স্থায়ী কোনো সমাধান সম্ভব নয়।
ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে এ উপজেলায় ৩০০ কিলোমিটার কাঁচাপাকা ও কার্পেটিং রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ তালিকা অধিদপ্তরে পাঠানো হয়েছে। জরুরি ভিত্তিতে কিছু রাস্তা মেরামত করা হয়েছে, এবং বাকি রাস্তা পর্যায়ক্রমে সংস্কার করা হবে বলে তিনি উল্লেখ করেন।











































