মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় আওয়ামী লীগ নেতা চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেনের অনুসারীদের হামলা ও মারধরের শিকার হয়েছেন মৎস্য ব্যবসায়ী বিএনপি কর্মী মোঃ ইব্রাহীম বয়াতি(৫০)। প্রভাবশালী ওই চেয়ারম্যানের কাছে পাওনা টাকা আদায়ে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীর দপ্তরে অভিযোগ করায় তার উপর এ হামলা চালানো হয়। মঙ্গলবার সন্ধ্যায় বৈদ্যমারী বাজারে এ হামলার ঘটনা ঘটে। ছাত্রজনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন হলেও মোংলার আওয়ামী লীগ নেতা চিলা ইউপি চেয়ারম্যান গাজী আকবর হোসেন ও তার অনুসারীরা রাজনৈতিক খোলস বদলে এখনও নতুন করে আধিপত্য বিস্তার করছে।
এ বিষয়ে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে স্ত্রীসহ উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তবে সাবেক যুবদল কমী ও বর্তমান ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মোঃ ইব্রাহীম বয়াতি অভিযোগ করেন, ঘটনার দিন সন্ধ্যায় জয়মনি থেকে মোংলার উদ্দেশ্যে রওয়ানা হলে পথিমধ্যে বৈদ্যমারী বাজার অতিক্রম করার সময় আমিনুল ইসলাম মিঠু, মনি শেখ, ওসমান খান, মোতাহের খান, তালেব খাঁন, মিরাজুল শেখ, মাহাবুল ফকির, ইমরান ফকিরসহ আরো ১০/১৫জন তার গতিরোধ করে। পরে একটি কাকড়ার দোকানের মধ্যে নিয়ে সকলে মিলে বেদড়ক মারধর করে। রক্তাক্ত অবস্থায় রাতে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তিনি অভিযোগ করে আরও বলেন, আমিনুল ইসলাম মিঠু বর্তমান চিলা ইউনিয়নের আওয়ামী সমর্থিত চেয়ারম্যান আকবর গাজীর শ্যালক। গত ৩ডিসেম্বর জয়মনিরঘোল বাজারে বিএনপি অফিসের সামনে পাওনা টাকা নিয়ে চেয়ারম্যান আকবর গাজীর বাকবিতন্ডা হয়। এ ঘটনার জের ধরে চেয়ারম্যানের চাচা শ্বশুর জাকির হোসেন ঝংকার ফকির, আমিনুল ইসলাম মিঠু ফকির তাকে সন্ত্রাসী কায়দায় ১০/১৫টি মটর সাইকেলে লোক নিয়ে প্রথম দফায় মারপিট করে। এ ঘটনায় প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে মঙ্গলবার ফের হামলা মারধরসহ মেরে ফেলবে বলে হুমকি দেয় হামলাকারীরা। এ চক্রের সদস্যরা ৫আগষ্ট পরবর্তী বিভিন্ন লোকের মৎস ঘের জোর পূর্বক দখল ও লুটপাট চালাচ্ছে বলে আভিযোগ করেন তিনি।
এ বিষয় মোংলা থানার ওসি আনিসুর রহমান বলেন, প্রথম দফায় মোঃ ইব্রাহীম বয়াতি উপর হামলার ঘটনা ঘটেছিল তখন পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। দ্বিতীয় দফায় হামলার ঘটনা শুনেছেন, তবে অভিযোগ না পাওয়ায় মামলা হয়নি।











































