Home খেলাধুলা বিপিএলে ফিরে আসার সুযোগ দেখছেন সাব্বির

বিপিএলে ফিরে আসার সুযোগ দেখছেন সাব্বির

190


স্পোর্টস রিপোর্টার

অনেক প্রত্যাশা নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় সাব্বির রহমানের। কিন্তু প্রতিভা অনুযায়ী খেলতে না পারা ও নানা বিতর্কে আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে সরে গেছেন এই ডানহাতি ব্যাটার। বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) গত আসরে তার প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল। এবার অবশ্য ড্রাফট থেকে নতুন দল ঢাকা ক্যাপিটালস সাব্বিরকে দলে ভেড়ায়। এই বিপিএলকে ফিরে আসার সুযোগ হিসেবে দেখছেন তিনি। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসন্ন বিপিএল, জাতীয় দলে ফেরাসহ নানা বিষয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সাব্বির। বিপিএলে ফেরা নিয়ে তিনি বলেন,
‘গত বিপিএল খেলিনি, এটা তো আমার হাতে নেই আসলে। যার যার দলের ব্যাপার, পরিকল্পনার অংশ। গতবার সুযোগ পাইনি, এবার পেয়েছি। আমার জন্য কামব্যাক করার সুযোগ।’
কিছুদিন আগেই লঙ্কা টি-টেনলি খেলে এসেছেন সাব্বির। দুয়েকটি ম্যাচে রানও পেয়েছেন। ওই টুর্নামেন্ট থেকে পাওয়া আত্মবিশ্বাস নিয়েই বিপিএলের দিকে তাকিয়ে আছেন তিনি। সাব্বিরের আশা, এবার নার্ভাস হবেন না।
তিনি বলেন, ‘আত্মবিশ্বাস তো অবশ্যই বেড়েছে। যেহেতু একটা ভালো টুর্নামেন্ট (লঙ্কা টি-টেন) গেছে। আমার মনে হয়, যতটুকুই খেলতে পেরেছি, আত্মবিশ্বাসটা ফিরে পেয়েছি। প্রমাণ তো এর আগেও করেছি অনেকবার। তবে নিজেকে মেলে ধরাটা আমার নিজের জন্য অনেক গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কায় একটা বড় টুর্নামেন্ট খেলে এসেছি। আশা করি, নার্ভাস হবো না। দুই-একটা ভালো রান (ইনিংস) করতে পারলে আত্মবিশ্বাস আরও বাড়বে। দলের যে দায়িত্ব থাকবে, সে অনুযায়ী খেলার চেষ্টা করবো।’
সাব্বির বলেন, ‘টি-টেন লীগের খেলাটা বিপিএলে অনেক বড় কাজে দেবে। সেখানে যে দায়িত্বে খেলেছি, এখানে ৫-৬ নম্বরে হয়তো খেলবো, অনেক বড় দায়িত্ব হবে আমার জন্য। আত্মবিশ্বাসটাও ভালো হবে ইনশাআল্লাহ্‌।’
ঢাকা ক্যাপিটালসে সাব্বির ছাড়াও আছেন লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, পাকিস্তানের সাইম আইয়ুবের মতো খেলোয়াড়রা আছেন। সাব্বিরের আশা বিদেশিদের সাহায্য ছাড়াই ভালো করবে দল। তিনি বলেন, ‘দল এখন পর্যন্ত ভালো আছে। স্থানীয় ও বিদেশি মিলিয়ে কালেকশন ভালো। স্থানীয় যারা আছি, চেষ্টা করবো বিদেশিদের সাহায্য না নেয়ার জন্য। দল এবং প্রধান কোচ যে দায়িত্ব দেবেন, সেটা পালনের চেষ্টা করবো।’
জাতীয় দলের হয়ে ১১টি টেস্ট, ৬৬ ওয়ানডে ও ৪৮ টি-টোয়েন্টিতে মাঠে নেমেছেন সাব্বির। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে শেষবার পড়েন জাতীয় দলের জার্সি। ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার জাতীয় দলে ফেরার প্রসঙ্গে বলেন,
‘তৈরি তো অবশ্যই হচ্ছি (জাতীয় দলের জন্য)। বয়স তো এখনো বাকি আছে আমার। চেষ্টা করছি কামব্যাক করার। এজন্যই মাঠে আসছি, অনুশীলন করছি। বিপিএলে সুযোগ পেয়েছি, বাইরের দেশে খেলতে যাচ্ছি। আশা তো সবাই করে। আমার পরিবারও করে, আমিও করি। আশাটা কীভাবে পূরণ হবে, সেটা ভালো খেলার পরে। তো চেষ্টা করবো ভালো খেলে আবার কামব্যাক করার জন্য। জাতীয় দলে সুযোগ পাওয়া সবসময়ই চ্যালেঞ্জিং। এই সময় বা আগের সময় বলতে কিছু নেই। ভালো খেললে আমি ঢুকে যাবো। এটাই গুরুত্বপূর্ণ।’

জাতীয় দলে ফেরার রাস্তা কতোটা চ্যালেঞ্জিং প্রশ্নে অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়ে কথা বলেন সাব্বির। মিরপুরের মতো প্রতিটি বিভাগেই অনুশীলনের সমান সুযোগ-সুবিধা দেয়ার কথা জানান এই ব্যাটার।
সাব্বির বলেন, ‘বিষয়টা হচ্ছে আপনি কোথায় অনুশীলন করতে চান। যদি মিরপুরে করেন, তাহলে এটা অসম্ভব। কারণ এখানে জাতীয় দলের ক্রিকেটাররা থাকে। এই সুবিধা যদি সব বিভাগে ছড়িয়ে দেয়া যায়, যারা ত্রিশজনের বাইরে থাকবে বা পাইপলাইনের বাইরে থাকবে, তারা সেখানে ব্যবহার করতে পারবে। মেশিন বা স্ল্যাব ব্যবহার করতে পারবে। আমি নিজের খরচে স্ল্যাব কিনেছি, মেশিন ব্যবহার করেছি। উদীয়মান যারা আছে, তাদের হয়তো সেই সামর্থ্য নাও থাকতে পারে। আমার মনে হয়েছে, এই পরিকল্পনাটা সব বিভাগের জন্য করা উচিত। যেন এই সুবিধাগুলো কাজে লাগিয়ে কামব্যাক করতে পারি। আমি মিরপুরে আসতে পারি না, কারণ এখানে অনেক বুকিং থাকে। এক ঘণ্টা বা আধঘণ্টা অনুশীলন করে মজা পাওয়া যায় না। আমি সারা দিন অনুশীলন করতে চাই। এখানে সারাদিনের অনুশীলন হবে না। তাই আমি নিজের শহরে এই সেট-আপ করি। সারাদিন সেখানে অনুশীলন করি। আমি এটা নিজের মতো করে করে ফেলি। বাকিটা জানি না বিষয়টা। তো এই সেট-আপ যেন সব বিভাগে হয়।’