Home খেলাধুলা বিপিএলে যুব দলের চার ক্রিকেটার!

বিপিএলে যুব দলের চার ক্রিকেটার!

63


স্পোর্টস ডেস্ক

এইতো মাস খানেক আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ জিতেছে বাংলাদেশ যুবদল। টানা দ্বিতীয় শিরোপা জয়ে বড় অবদান ছিল পেসার ইকবাল হোসেন ইমনের। অধিনায়ক আজিজুল হাকিম তামিমও দারুণ খেলেছেন পুরো আসর জুড়ে। যুব এশিয়া কাপের নজরকাড়া পারফর্ম্যান্সে তাদের জায়গা হয় জাতীয় ক্রিকেট লীগের টি-টোয়েন্টি ভার্সনে। প্রথম বারের মতো অনুষ্ঠিত ওই আসরে সুযোগ মেলে যুব দলের চার ক্রিকেটারের। ঢাকা প্রিমিয়ার লীগে খেলার সুযোগ তৈরি হয়েছে এশিয়া কাপজয়ী দলের ৮ থেকে ৯ জন ক্রিকেটারের। এরমাঝে ইমন, তামিমের বিপিএল খেলা নিশ্চিত হয়ে গেছে। ফরচুন বরিশাল নিয়েছে ইমনকে, রংপুর রাইডার্সে খেলবেন তামিম। জাওয়াদ আবরারকে দলে ভেরানোর সম্ভাবনা আছে খুলনা টাইগার্সের। আর আল ফাহাদকে দেখা যেতে পারে সিলেট স্ট্রাইকার্সে। এশিয়া কাপের পারফর্ম্যান্স দেখে বিপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগের সঙ্গে যোগাযোগ করেছে পছন্দের ক্রিকেটার দলে পেতে। এনসিএল টি-টোয়েন্টি দলের কোচদেরও চোখ ছিল যুবাদের ওপর। তামিম, ইমন, জাওয়াদ, ফাহাদের এনসিলে খেলার সুযোগও হয়েছিল। টুর্নামেন্ট জুড়েই খুব ভালো খেলেছেন তামিম। খুলনা বিভাগের হয়ে ৯ ম্যাচ খেলে ২৩৭ রান করেন তিনি। ফিফটিও আছে দু’টি (৫৩ ও ৬৬)। পেসার ইমন ঢাকা বিভাগের হয়ে ছয় ম্যাচ খেলে পাঁচ উইকেট নিয়েছেন। সেরা পারফর্ম্যান্স রাজশাহী বিভাগের বিপক্ষে ২৬ রানে তিন উইকেট। ঢাকা বিভাগে খেলেছেন ওপেনার জাওয়াদও। তিন ম্যাচ খেলা জাওয়াদের ইনিংসগুলো হলো ১১, ৬২ ও ৩২ রানের। ঢাকা মেট্রোতে খেলা আল ফাহাদ ম্যাচ পেয়েছেন একটি। এভাবেই ক্রিকেটের সব শাখায় বিচরণ করছেন জাতীয় দলের ভবিষ্যৎ খেলোয়াড়রা। ইয়ুথ ক্রিকেট লীগে তিন দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাদের। বিদেশি দলের সঙ্গে দ্বিপক্ষীয় সিরিজে ওয়ানডে ম্যাচের পাশাপাশি চার দিনের ম্যাচও খেলেন তারা। চর্চায় ছিল না শুধু টি-টোয়েন্টি। এনসিএল টি-টোয়েন্টির মাধ্যম্যে স্বল্পসংখ্যক হলেও এই ভার্সনে খেলার স্বাদ পেয়েছেন তারা। বিসিবি গেম ডেভেলপমেন্ট বিভাগও চেষ্টা করছে বড়দের ক্রিকেটে যুবাদের বেশি বেশি সম্পৃক্ত করার। গেম ডেভেলপমেন্ট বিভাগের ব্যবস্থাপক আবু ইমাম মো. কাউসার সংবাদমাধ্যমকে বলেন, ‘ছেলেদের ঘরোয়া ক্রিকেটে খেলার সুযোগ করে দিতে স্লট সাজিয়েছি। ২০২৫ সালের এপ্রিল পর্যন্ত বিদেশি দলের সঙ্গে কোনো সিরিজ রাখা হয়নি। যাতে করে ছেলেরা বিপিএল ও ঢাকা প্রিমিয়ার লীগে খেলতে পারে। তিন-চারজন আছে প্রথম বিভাগে খেলবে। ওয়াইসিএলেও খেলবে কয়েকজন। আগামী বছর মে, জুন থেকে স্কোয়াড চূড়ান্ত করে বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে।’ এ মুহূর্তে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে বিপিএলের মাধ্যমে বৈশ্বিক ক্রিকেটারদের সঙ্গে যুবদলের ক্রিকেটারদের পরিচিত করা। প্রতিটি দলে এক বা একাধিক ক্রিকেটার থাকলে ড্রেসিংরুম শেয়ারের পাশাপাশি খেলার উত্তাপটা পাবেন ইমনরা। মারুফ মৃধা আগেই বিপিএলে দল পেয়েছেন। যদিও বয়সের কারণে ১৯ দলে আর থাকছেন না তিনি।