Home খেলাধুলা অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ দুই টেস্টেও নেই শামি

অস্ট্রেলিয়া বিপক্ষে শেষ দুই টেস্টেও নেই শামি

17


স্পোর্টস ডেস্ক

ভারতের চলমান অস্ট্রেলিয়া সফরের শেষ দুই টেস্টেও খেলা হচ্ছে না মোহম্মদ শামির। আজ সোমবার এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, শামি এখনও আনফিট। টেস্টের ধকল নেওয়ার জন্য তৈরি নন। তাই মেলবোর্নে চতুর্থ টেস্ট বা সিডনিতে পঞ্চম টেস্টে খেলতে পারবেন না তিনি।


বিবৃতিতে বিসিসিআই লিখেছে, ‘রঞ্জি ট্রফিতে মধ্যপ্রদেশের বিপক্ষে বাংলার ম্যাচে শামি ৪৩ ওভার বল করেছে। তার পরে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নয়টা ম্যাচেই খেলেছে। সেখানে টেস্ট ম্যাচের জন্য তৈরি হতে অতিরিক্ত বোলিং সেশন করেছে। তবে বোলিং করার সময় বাড়তি চাপ নেওয়ার কারণে ওর বাঁ পা হালকা ফুলে গেছে। দীর্ঘ দিন পর এত সময় ধরে বোলিং করার কারণে এই ফোলা ভাব প্রত্যাশিত।’

আরও বলা হয়, ‘শামিকে পর্যবেক্ষণ করার পর বোর্ডের চিকিৎসক দলের মনে হয়েছে, ওর হাঁটু সেরে উঠতে সময় লাগবে। বোলিংয়ের চাপ নিয়ন্ত্রণ করা দরকার। আনফিট থাকায় বর্ডার-গাওস্কর ট্রফির বাকি দুই টেস্টের জন্য ওর নাম বিবেচনা করা হয়নি।’

এর আগে গত বছর বিশ্বকাপ ফাইনালে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন শামি। গোড়ালির অস্ত্রোপচার হয় ফেব্রুয়ারিতে। তার পর নভেম্বরে বাংলার হয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফেরেন। কিন্তু একটানা খেলার পরে আবার চোট পেয়েছেন। তাকে বিজয় হজারের দলেও নেওয়া হয়নি।