Home জাতীয় দুই জামায়াত কর্মী বহিস্কার : মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতরা শনাক্ত, গা ঢাকা দিয়েছে...

দুই জামায়াত কর্মী বহিস্কার : মুক্তিযোদ্ধাকে হেনস্তায় জড়িতরা শনাক্ত, গা ঢাকা দিয়েছে সবাই

69


খুলনাঞ্চল রিপোর্ট
কুমিল্লার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে হেনস্তার ঘটনায় জড়িতদের শনাক্ত করেছে পুলিশ। নেওয়া হচ্ছে তাদের থাকার সম্ভাব্য সকল ঠিকানা। ঘটনার একদিন পর সোমবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত জড়িত কাউকে আটক না করা গেলেও তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।
রবিবার (২২ ডিসেম্বর) সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুর গলায় জুতার মালা পরিয়ে হেনস্তা করেন একদল লোক। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে।
পুলিশ, স্থানীয় জনতা, ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, এ ঘটনায় জড়িত মূল দুজন হলেন কুলিয়ারা গ্রামের মৃত আবদুল বারেকের ছেলে আবুল হাশেম ও শফিকুর রহমানের ছেলে ওহিদুর রহমান। এ ছাড়া বাকিরা হলেন পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, এমরান হোসেন, ফরহান হোসেন, কামরান হোসেনসহ কয়েকজন।
ভুক্তভোগী মুক্তিযোদ্ধার ছেলে এবং উপজেলার বাতিসা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ভুঁইয়া বিপ্লব বলেন, ‘যারা এ কাজ করেছে তারা সবাই স্থানীয় জামায়াত ও শিবিরের রাজনীতি করেন। ভিডিওতে তাদের সবাইকে স্পষ্ট দেখা গেছে। জুতার মালা পরানোর পর যে দুজন বাবার দুই হাত ধরে টানাহেঁচড়া করেছেন তারা হলেন, কুলিয়ারা গ্রামের আবুল হাশেম মজুমদার ও ওহিদুর রহমান। তারা জামায়াতের সমর্থক। এ সময় তাদের সঙ্গে অন্তত ১৫ থেকে ২০ জন ছিলেন। আবুল হাশেম ও ওহিদুরের সঙ্গে ছিলেন পেয়ার আহমেদ, রাসেল, শহীদ, এমরান হোসেন, ফরহান হোসেন, কামরান হোসেনসহ কয়েকজন। তারা স্থানীয় জামায়াত ও শিবিরের কর্মী-সমর্থক। ঘটনার পর থেকে জড়িত কাউকেই এলাকায় দেখা যায়নি।’
তবে এ ঘটনায় নিন্দা জানিয়ে ঘটনার সঙ্গে জামায়াতের সম্পৃক্ততা নেই বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা দক্ষিণ জেলার আমির অ্যাড. মু. শাহজাহান, জেলা সেক্রেটারি ড. সরওয়ার উদ্দিন ছিদ্দিকী, চৌদ্দগ্রাম উপজেলা আমির মু. মাহফুজুর রহমান ও উপজেলা সেক্রেটারি মু. বেলাল হোসাইন। যৌথ বিবৃতিতে নেতারা বলেন, ‘দেশের বিভিন্ন পত্র-পত্রিকা ও ইলেকট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের বীর মুক্তিযোদ্ধা আবদুল হাই কানুকে লাঞ্ছনার ঘটনার প্রতি আমাদের দৃষ্টিগোচর হয়। আমরা এই দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
বিবৃতিতে তারা আরও বলেন, ‘মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠসন্তান। জামায়াতে ইসলামী শুধু বীর মুক্তিযোদ্ধা নয়, দেশের সাধারণ কোনও নাগরিককেও হেনস্তা করা সমর্থন করে না। এই দুঃখজনক ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের হাতে সোপর্দ করার জন্য আমরা সরকারের নিকট জোর দাবি জানাচ্ছি।’
তারা বলেন, ‘এই ঘটনার সাথে জড়িতরা জামায়াতে ইসলামীর কোনও পর্যায়ের নেতা বা কর্মী নয়। জামায়াতে ইসলামী কোনও পর্যায়ের নেতা বা কর্মী আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই সমর্থন করে না এবং প্রশ্রয় দেয় না। আমরা স্থানীয়ভাবে খোঁজখবর নিয়ে জেনেছি যে, জনাব আবদুল হাই কানু তার নিজ এলাকায় হত্যা মামলাসহ ৯টি মামলার আসামি। আমরা মনে করি, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবেন। আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। আমরা ঘটনার সঙ্গে জড়িত ঢাকায় অবস্থানকারী আবুল হাশেম ও দুবাইফেরত ওহিদুর রহমানের শাস্তি দাবি করছি এবং কোনও অবস্থাতেই দেশবাসীকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানাচ্ছি।’
সংশ্লিষ্ট জেলা ও উপজেলা নেতৃবৃন্দ বিবৃতিতে বলেন, ‘আমরা আবুল হাশেম ও ওহিদুর রহমানসহ এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করছি। জামায়াতে ইসলামীর শৃঙ্খলা ভঙ্গ ও ভাব-মর্যাদার ক্ষুণ্ন করায় সমর্থক হওয়া সত্ত্বেও তাদের জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার ঘোষণা করছি।’
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আক্তারুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অভিযানে আছে। ভিডিও দেখে স্থানীয়দের কাছ থেকে খোঁজ নিয়ে তাদের শনাক্ত করা হয়েছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।’
তিনি আরও বলেন, ‘উপজেলার মুক্তিযোদ্ধারা থানায় এসেছেন। জেলা থেকে অনেক মুক্তিযোদ্ধা ফোন দিয়েছেন। মাননীয় প্রধান উপদেষ্টার দফতরের নির্দেশনাও পেয়েছি। সবাই জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন। আমরা জড়িতদের ধরতে কাজ করছি। এ ঘটনায় জড়িত ব্যক্তিরা যে দলেরই হোন না কেন, তাদের ছাড় দেওয়া হবে না। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আনিসুর রহমান মিঠু বলেন, ‘তিনি (আবদুল হাই কানু) রণাঙ্গনের বীর সৈনিক। স্বাধীন দেশ অর্জনের পেছনে এমন বীর মুক্তিযোদ্ধাদের একেকটা ইতিহাস শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। বিগত সময়ে আওয়ামী লীগ করায় সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। এখন জামায়াত-শিবিরের। আওয়ামী লীগ প্রকৃত আওয়ামী লীগ না চিনলেও জামায়াত-শিবির কিন্তু চেনে গেছে। তাই এই হামলা। একজন বীর মুক্তিযোদ্ধার প্রতি এমন নির্মম আচরণের নিন্দা জানাই। জড়িতদের শাস্তি দাবি করছি।’
জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আলম বাবুল বলেন, ‘আবদুল হাই কানু মুক্তিযুদ্ধের ২ নম্বর সেক্টরের একজন বীরযোদ্ধা। মহান স্বাধীনতাযুদ্ধে তার ভূমিকা ছিল অগ্রণী। তিনি আওয়ামী লীগ করেও বিগত সময়ে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন। কারাগারে গেছেন। তিনি যদি কোনও অপরাধ করে থাকেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যেতো। কিন্তু সেটা না করে তাকে যারা এভাবে লাঞ্ছিত করেছে, তাদের প্রতি ধিক্কার জানাচ্ছি।’
উল্লেখ্য, গতকাল রবিবার সকালে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানু বাজার করতে বের হন। এ সময় তাকে স্থানীয় কয়েকজন ধরে নিয়ে যায় কুলিয়ারা হাইস্কুলের সামনে। সেখানে তার গলায় জুতার মালা পরায় এবং শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করেন। এ ঘটনার পর থেকেই গা ঢাকা দিয়েছেন নির্যাতনের শিকার সেই বীর মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে পালিয়েছেন ঘটনায় জড়িতরা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।