Home আঞ্চলিক নগরীর নূর আজিম গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড রকি গ্রেপ্তার

নগরীর নূর আজিম গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড রকি গ্রেপ্তার

117


স্টাফ রিপোর্টার
নগরীর টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের সেকেন্ড-ইন-কমান্ড তার ভাই কুখ্যাত সন্ত্রাসী শাহরিয়ার হোসেন রকি (৩২) কে গ্রেপ্তার করেছে খুলনা থানা পুলিশ।
২২ ডিসেম্বর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। রকি ৮/১ দক্ষিণ টুটপাড়া ইষ্ট সার্কুলার রোডের মো. শাহাজাহান ওরফে শানু মহুরীর ছেলে। তার বিরুদ্ধে খুলনা মহানগরীসহ বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদকসহ বিভিন্ন ধরনের একাধিক মামলা রয়েছে।
কেএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহা. আহসান হাবীব জানান, ২২ ডিসেম্বর সন্ধ্যায় টুটপাড়া মহিরবাড়ি খালপাড় এলাকায় অভিযান পরিচালনা করে খুলনা থানা পুলিশের চৌকস আভিযানিক টিম। এসময় নগরীর শীর্ষ সন্ত্রাসী নূর আজিম গ্রুপের অন্যতম কুখ্যাত সন্ত্রাসী শাহরিয়ার হোসেন রকিকে গ্রেপ্তার করা হয়। রকি সন্ত্রাসী নূর আজিমের আপন ছোট ভাই। সে টুটপাড়া জনকল্যাণ স্কুলের পাশে সন্ত্রাসীদের গুলিতে নিহত রনি সর্দার এবং দক্ষিণ টুটপাড়া বায়তুল মামুর মহল্লায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত পলাশ হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি। এলাকায় দখলবাজি, চাঁদাবাজি এবং টাকার বিনিময়ে কিলিং মিশনে অংশ নিয়ে ত্রাস সৃষ্টিকারী সন্ত্রাসী রকিকে গ্রেফতারের ফলে এলাকায় জনসাধারণের মাঝে স্বস্তি ফিরেছে। খুলনা মহানগরীতে ত্রাস সৃষ্টিকারী ১২ জনের মধ্যে গ্রেফতারকৃত রকি অন্যতম শীর্ষ সন্ত্রাসী।