স্টাফ রিপোর্টার।।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে বাগেরহাটের মোংলায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের দুটি যুদ্ধজাহাজ।
সোমবার (১৬ ডিসেম্বর) দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দিগরাজ নেভাল জেটিতে বানৌজা তুরাগ ও দ্বিগরাজ পশ্চিম জোনে বিসিজিএস কামরুজ্জামান ঘুরে দেখার জন্য উন্মুক্ত রয়েছে। দর্শনার্থীরা প্রয়োজনীয় নির্দেশনা মেনে ওই যুদ্ধজাহাজ পরিদর্শন করছেন।
জানা যায়, দুপুর ২টা থেকে বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় নৌঘাঁটি ও কোস্টগার্ডে। জনসাধারণের জন্য এ সুযোগ থাকবে সূর্যাস্ত পর্যন্ত। নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ ঘুরে দেখার পাশাপাশি এ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জানতে পারেন দর্শনার্থীরা। যুদ্ধজাহাজ দুটিতে যে সমস্ত অস্ত্র, গোলাবারুদ ও যুদ্ধকালীন সময় ব্যবহৃত কলা-কৌশল দেখে মুগ্ধ স্কুল-কলেজের শিক্ষার্থী ও দর্শনার্থীরা।
একইদিনে খুলনার খান জাহান আলী সেতুসংলগ্ন বিসিজি স্টেশন রুপসার জেটিতে কোস্টগার্ড পশ্চিম জোনের জাহাজ বিসিজিএস অপরাজেয় বাংলা এবং ভোলা জেলার ইলিশা লঞ্চঘাটে বিসিজিএস সোনার বাংলা জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষ্যে মোংলা ও খুলনা নৌ-অঞ্চলের বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন, বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কোস্টগার্ডের পক্ষ থেকেও আলাদা কর্মসূচি পালন করা হয়েছে।











































