Home আঞ্চলিক নির্বাচনকে লক্ষ্য করে সংস্কারে কাজ করতে হবে: গয়েশ্বর

নির্বাচনকে লক্ষ্য করে সংস্কারে কাজ করতে হবে: গয়েশ্বর

30

স্টাফ রিপোর্টার।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নির্বাচনের জন্য সংস্কারে কোনো আপত্তি নেই। কিন্তু নির্বাচনকে মূল লক্ষ্য করে সংস্কারের কাজ করতে হবে। নির্বাচন ছাড়া সংবিধানের সংযোজন, সংশোধন কোনোটাই সম্ভব নয়। সে কারণে নির্বাচন জরুরি। রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার বিএনপির ৩১ দফার মধ্যে রয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে খুলনা নগরীর শিববাড়ি মোড়ে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। বিজয় দিবস উপলক্ষে খুলনা মহানগর ও জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল। সভাপতিত্ব করেন- মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা। এছাড়াও বক্তব্যে দেন- মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, সদস্য সচিব শেখ আবু হোসেন বাবু প্রমুখ।

সমাবেশ শেষে নগরীর শিববাড়ি মোড় থেকে বিজয় র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়।