স্টাফ রিপোর্টার।।
বহু মত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে এ মন্তব্য করেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। তারা ন্যায়বিচারভিত্তিক শোষণমুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্রের প্রত্যাশা করেছিলেন, কিন্তু হানাদার বাহিনীর দোসররা চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে স্বাধীন বাংলাদেশকে মেধাশূন্য করতে পরিকল্পিত এ হত্যাযজ্ঞ সংঘটিত করে। তিনি বলেন, স্বাধীনতার অব্যবহিত পরই অগণতান্ত্রিক শক্তি পাকিস্তানি বাহিনীর ন্যায় মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো হরণ করতে থাকে। তারা আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করে এবং গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ নির্মাণে শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশা ধূলিসাৎ করে।
তারেক রহমান বলেন, সেই দুঃশাসনের ঐতিহ্য ধারণ করে তাদের উত্তরসূরি আওয়ামী ফ্যাসিস্টরা গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছিল। সুতরাং, আজ পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে আমাদের পুনরায় ঐক্যবদ্ধ হয়ে প্রকৃত গণতন্ত্রের চর্চা করতে হবে। হারিয়ে যাওয়া আইনের শাসন, স্বাধীন বিচার বিভাগ এবং বহুমত ও পথের রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবীরা আমাদের প্রেরণা জোগাবে। আজকের এ শোকাবহ দিনে দেশবাসীর প্রতি আহ্বান জানাইÑ আসুন শহীদ বুদ্ধিজীবীদের প্রত্যাশার বাংলাদেশ গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করি











































