Home খেলাধুলা হেরেও গার্দিওলা বললেন আমরাই সেরা

হেরেও গার্দিওলা বললেন আমরাই সেরা

59


স্পোর্টস ডেস্ক

সবমিলিয়ে শেষ ১০ ম্যাচে সপ্তম পরাজয় দেখলো ইংলিশ জায়ান্ট ক্লাব ম্যানচেস্টার সিটি। উয়েফা চ্যাম্পিয়নস লীগে জুভেন্টাসের বিপক্ষে ২-০ গোলে হারের পর বিচলিত নন কোচ পেপ গার্দিওলা। দলের পারফর্মেন্সে গর্বিত তিনি।
বুধবার সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র ৬টি জয় পাওয়া ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামে ম্যান সিটি। অনেক চেষ্টা করেও গোল শোধ করতে না পারায় ২-০ গোলে হারে গার্দিওলার দল। তবে ম্যাচ হেরেও শিষ্যদের প্রতি কোনো অভিযোগ নেই কোচের। বরং তাদের প্রশংসায় ভাসিয়ে পেপ বলেন, ‘আমরা সত্যিই ভালো খেলেছি। তবে শেষ কাজটা করতে পারিনি। আমি ছেলেদের নিয়ে গর্বিত। ওরা নিজেদের উজাড় করে দিয়েছে এবং চেষ্টার কমতি রাখেনি। আমি আমার দলকে ভালোবাসি এবং আমরাই সেরা।’ খারাপ সময়টা মুছে ফেলার ব্যাপারে তিনি বলেন, ‘অবশ্যই, আমার নিজের চিন্তা রয়েছে। সময় ভালো হোক বা খারাপ, আমি সবসময় স্থিতিশীল থাকি। এভাবেই আমি আমার পথ খুঁজে নিই। জিতলে আমরা খুশি থাকি, হারলে খুশি নই। এছাড়া আর কী করার আছে। আমরা উন্নতি করবো ও এগিয়ে যাবো।’
ইউরোপ সেরার দৌড়ে পরের ধাপে যাওয়া ম্যান সিটির জন্য একটু কঠিন হয়ে গেলো। ছয় ম্যাচে দুইটি করে জয়, ড্র ও হার দিয়ে ৮ পয়েন্ট নিয়ে প্রথম ধাপের ২২ নম্বরে অবস্থান করছে ইংলিশ জায়ান্টরা। রোববার পরের ম্যাচে ইংলিশ লীগে তাদের জন্য অপেক্ষা করছে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেড।