Home খেলাধুলা ব্যাট হাতে তামিমের ঝড়

ব্যাট হাতে তামিমের ঝড়

54


স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন না বহুদিন ধরে। ঘরোয়া ক্রিকেটেও গত ৭ মাসে দেখা যায়নি তামিম ইকবালকে। অবশেষে গতকাল বুধবার এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে মাঠের ক্রিকেটে ফিরেছিলেন এই ওপেনার। তবে ফেরার ম্যাচে সুবিধা করতে পারেননি চট্টগ্রাম বিভাগের এই ক্রিকেটার। তবে আজ দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন এই বাঁহাতি ব্যাটার।

আজ সিলেট বিভাগের বিরুদ্ধে মাত্র ৩৩ বলে ৬৫ রান করেছেন তামিম। ছক্কা হাঁকাতে গিয়ে তোফায়েল আহমেদের বলে খালেদ আহমেদের তালুবন্দী হন তিনি। প্রায় দুই শ স্ট্রাইক রেটে ব্যাট করা এই ওপেনার আজ ফিফটি ছুয়েছেন মাত্র ২৭ বলে। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি তামিমের পঞ্চাশতম হাফ সেঞ্চুরি।

দেরিতে খেলা শুরু হওয়ায় আজ খেলা নেমে এসেছে ১৫ ওভারে। তামিম ছাড়া দলের অন্য কেউ ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেননি। প্রথম ১০ ওভারে এক শ পার করা দলটি শেষ পর্যন্ত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৪৫ রান।

তামিমের পর দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেছেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয়। ১৭ বলে এই রান করেছেন তিনি। এছাড়া ১২ বলে ১৫ রান করেছেন সাব্বির শিকদার। দলের অন্য কেউ দুই অঙ্কের রানও স্পর্শ করতে পারেননি। তাতে ১৪৫ রানেই থামে চট্টগ্রাম।

৩ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করে সিলেটের সফলতম বোলার খালেদ আহমেদ। সমান ওভারে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট তুলে নিয়েছেন তোফায়েল। ২ উইকেট নিলেও আরেক পেসার আবু জায়েদ রাহিকে ৩ ওভারে খরচ করতে হয়েছে ৩৫ রান।