স্পোর্টস ডেস্ক
জ্যামাইকার স্যাবাইনা পার্কে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে লড়ছে বাংলাদেশ। প্রথম দিনে ১০ রানের মধ্যে ২ উইকেট হারালেও ৬৯ রান তুলে দিন শেষ করেছিল টাইগাররা। দ্বিতীয় দিনের শুরুতে কিছুটা দৃঢ়তা দেখালেও এক শ’র আগেই ৫ উইকেট হারিয়ে বসেছে মেহেদী হাসান মিরাজের দল।
দ্বিতীয় দিনের শুরুতে ১৪ রান যোগ করার পর ৮৩ রানে বিদায় নেন শাহাদাত হোসেন দীপু। তিনি ফিরলে ভাঙে সাদমানের সঙ্গে তার ৭৩ রানের জুটি। ৮৯ বলে মাত্র ২৪.৭১ স্ট্রাইকরেটে ২৪ রান করেছেন তিনি। এর আগে প্রথম টেস্টেও ব্যাট হাতে রান পাননি এই মিডল অর্ডার ব্যাটার। দীপুর বিদায়ের পর দলের সঙ্গে আর ৫ রান যোগ হতে লিটন দাস ফিরলে বিপদে পড়ে বাংলাদেশ। লিটন আজ ১ রানের বেশি করতে পারেননি। দলের বিপদ আরও বাড়িয়ে দলীয় ৯৫ রানে ফেরেন আগের টেস্টে দারুণ খেলা জাকের আলী।
গতকাল মাঠ ভেজা থাকায় জ্যামাইকা টেস্টের প্রথম দিনে শনিবার খেলা হয়েছে ৩০ ওভার। যেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে প্রথমে ব্যাট করা বাংলাদেশের রান ২ উইকেটে ৬৯। প্রথম দিনে দুই দফায় জীবন পেয়ে সাদমান ইসলাম অপরাজিত ১০০ বলে ৫০ রানে। একবার জীবন পেয়ে শাহাদাত হোসেন দিন শেষ করেন ৬৩ বলে ১২ রানে।
প্রথম দিনে অফ স্টাম্পের সামান্য বাইরের বলে খোঁচা দিয়ে আউট হন মাহমুদুল হাসান জয় (৩)। উইকেটের পেছনে ভালো ক্যাচ নেন জশুয়া দা সিলভা। জয়কে ফেরানোর পরের ওভারে মুমিনুলকেও ফেরান কেমার রোচ। রানের খাতাই খুলতে পারেননি তিনি। সবশেষ ছয় ইনিংসে এই নিয়ে তিনবার শূন্য রানে আউট হলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ওয়েস্ট ইন্ডিজে সাত টেস্টে শূন্যতে ফিরলেন চারবার। বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শূন্যের রেকর্ডও এখন তার। ১৭ বার শূন্যতে আউট হয়ে ছাড়িয়ে গেছেন মোহাম্মদ আশরাফুলকে (১৬)।











































