Home খেলাধুলা শাহজাইবের সেঞ্চুরিতে ভারতকে হারালো পাকিস্তান

শাহজাইবের সেঞ্চুরিতে ভারতকে হারালো পাকিস্তান

17


স্পোর্টস ডেস্ক

ওপেনার শাহজাইব খান যেন রীতিমতো যুদ্ধে নেমেছিলেন। ব্যাট হাতে শুরু থেকে কচুকাটা শুরু করেন ভারতীয় বোলারদের। তার বিস্ফোরক দেড়শ’ পেরোনো ইনিংসে ৩০০ ছাড়ানো স্কোর ছিল সময়ের ব্যাপার। কিন্তু তিনি আউট হওয়ার পর বাকিরা শুধু এলেন আর গেলেন! তাতে অবশ্য ৩০০ না হলেও লড়াকু সংগ্রহ পায় পাকিস্তান। পরে বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ভারতকে আটকে দারুণ জয় তুলে নেয় বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের উত্তরসূরিরা। গতকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে ৪৩ রানে হারায় পাকিস্তান। শাহজাইবের ১৪৭ বলে ১৫৯ রানের বিস্ফোরক সেঞ্চুরি ও আরেক ওপেনার উসমান খানের ৬০ রানের ওপর ভর করে ২৮১ রানের পুঁজি পায় পাকিস্তান। জবাবে ২.৫ ওভার বাকি থাকতে ২৩৭ রানে গুটিয়ে যায় ভারত। রান তাড়ায় ২৮ রানের উদ্বোধনী জুটি পায় ভারত। তবে ওই রানেই দুই ওপেনারকে হারায় তারা। ২৩ রানের ব্যবধানে তৃতীয় উইকেট হারায় দলটি। এরপর ছোট ছোট জুটি হলেও নিয়মিত বিরতিতে উইকেট তুলতে থাকে পাকিস্তান। ৮১ রানে চতুর্থ উইকেট হারানোর পর ৫৩ রানের জুটি গড়েন নিখিল কুমার ও কিরন কোরমালে। ২০ রান করা কিরন বিদায় নিলে ভাঙে তাদের জুটি। এরপর হারভানাশ সিংকে নিয়ে আরও ৩৮ রান যোগ করেন নিখিল। ৬৭ রান করা নিখিল আউট হলে ভাঙে তাদের জুটি। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারত। শেষ পর্যন্ত ২৩৮ রানেই গুটিয়ে যায় তারা। পাকিস্তানের হয়ে ৩ উইকেট নেন আলি রেজা। এছাড়া সমান দুটি করে উইকেট নেন আব্দুল সোবহান ও ফাহাম উল হক। এর আগে ব্যাটিংয়ে পাকিস্তানের দুই উদ্বোধনী ব্যাটার শুরুতে বেশ সতর্ক ছিলেন। প্রথম ১০ ওভারে তাদের স্কোরবোর্ডে জমা হয় মাত্র ৩৪ রান। তবে সময়ের সঙ্গে খোলস ছেড়ে বের হন তারা। উসমান খান কিছুটা রয়েসয়ে খেললেও আরেক প্রান্তে রীতিমতো বাউন্ডারির বন্যা বইয়ে দেন শাহজাইব। ৩৭তম ওভারে ১০৭ বলে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। বাঁহাতি এই ব্যাটার টিকে ছিলেন ইনিংসের শেষ ওভার পর্যন্ত। ৩১তম ওভারে ৯৪ বলে ৬০ রান করে উসমান আউট হলে অনবদ্য এই জুটি ভাঙে। শাহজাইব ১৫০ রানের মাইলফলক স্পর্শ করেন ১৪২তম বলে। ৫০তম ওভারের প্রথম বলে ভারতীয় পেসার নাগারাজকে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ হন তিনি। ১৪৭ বলে ১৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলার পথে ৫টি চার ও ১০টি ছক্কা হাঁকান শাহজাইব। তবে দুই ওপেনারের এত ভালো শুরু পরও শেষদিকে বাকিরা রীতিমতো রান করতে হিমশিম খান। শেষ ৫ ব্যাটারের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।