স্পোর্টস ডেস্ক।।
এবারের আইপিএল মেগা নিলামে কোটির ওপরে দাম ওঠা বৈভব সূর্যবংশীকে নিয়ে তৈরি হয়েছে হইচই। মাত্র ১৩ বছরেই অর্থাৎ সবচেয়ে কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে সুযোগ পেয়েছেন তিনি। বর্তমানে ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ খেলছেন তিনি। মাঠে নামার আগে সনি স্পোর্টস নেটওয়ার্ককে ক্রিকেটের বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন বৈভব।
বিস্ময় এই ক্রিকেটারের কাছে জানতে চাওয়া হয় তার আদর্শ ক্রিকেটারের ব্যাপারে। বৈভবের উত্তর, ‘ব্রায়ান লারা আমার আইডল। আমি তার মতো খেলার চেষ্টা করি। এর বাইরে আমার যে দক্ষতা আছে সেটি দিয়েই স্বাভাবিক খেলার চেষ্টা করি।’
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে আজ পাকিস্তানের বিপক্ষে খেলছে বৈভবের ভারত। ম্যাচে ওপেনিংয়ে নেমে মাত্র ১ রান করেই আউট হয়েছেন তিনি। ম্যচের আগে বৈভব বলেছেন, ‘আমি বর্তমানে আমার খেলার প্রতিই মনোযোগ দিচ্ছি। আমার চারপাশে কী ঘটছে সেটি নিয়ে চিন্তা করি না আমি। আমি সবার আগে এশিয়া কাপ নিয়ে ভাবতে চাই এবং ম্যাচ ধরে এগোতে চাই।’
আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ রুপিতে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে বৈভবকে। যদিও দিল্লিও দলে ভেড়ানোর চেষ্টা করেছিল এই তারকাকে। ২০১১ সালে বিহারে জন্মগ্রহণ করেন বৈভব। ২০২৪ সালের জানুয়ারিতেই বিহারের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় বৈভবের। অনূর্ধ্ব-১৯ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি করেছেন তিনি।










































