স্পোর্টস ডেস্ক||
জার্মান বুন্দেসলিগার ক্লাব বায়ার্ন মিউনিখের রক্ষণে বড় ভরসার নাম আলফানসো ডেভিস। রক্ষণের পাশাপাশি উইং দিয়ে আক্রমণের ক্ষেত্রে এই কানাডিয়ান তারকার জুড়ি মেলা ভার। এবার একটি অপরাধ করে ১ মাস গাড়ি চালানো থেকে নিষিদ্ধ হলেন তিনি।
অ্যাথলেটিকের বরাতে ফুটবল ওয়েবসাইট গোল ডটকমের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার দিবাগত রাত ২টায় পুলিশে ধরে ডেভিসকে। এসময় পরীক্ষা-নিরীক্ষার পর ডেভিসের রক্তে ০.৬ গ্রাম অ্যালকোহল পায় পুলিশ। যদিও জার্মানিতে এটি ফৌজদারি অপরাধ নয়। ফৌজদারি অপরাধের হবে যদি প্রতি শরীরে লিটারে সর্বনিম্ন ০.৮ গ্রাম অ্যালকোহল থাকে।
জার্মান আইন অনুযায়ী, শরীরে ০.৬ গ্রাম পরিমাণ অ্যালকোহল থাকা একটি প্রশাসনিক অপরাধ। এই কারণে ডেভিসকে এক মাসের জন্য গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা দিয়েছে জার্মান পুলিশ।
এবার মাঠের বাইরে শিরোনাম হলেও বেশ কিছুদিন ধরেই দলবদলের গুঞ্জনে আলোচনায় আছেন ডেভিস। স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে চায় তাকে। যদিও বিশ্বের অন্যতম সেরা এই লেফটব্যাককে ছাড়তে চান না বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। তবে ডেভিস বায়ার্ন ছাড়লে তার জায়গায় থিও হার্নান্দেজ বা ডেভিড রাউমকে চিন্তা করছে ক্লাবটি।
বায়ার্নে যোগ দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসের হয়ে খেলেছেন তিনি। সেখানে উইঙ্গার হিসেবেই ৬৫ ম্যাচ খেলেছেন তিনি। আছে ৮টি গোলও। তবে বায়ার্নে যোগ দেওয়ার পর লেফটব্যাক হিসেবে খেলা শুরু করেন তিনি। বার্সেলোনাকে চ্যাম্পিয়নস লিগে ৮-২ গোলে হারানোর ম্যাচে আলো কেড়ে হইচই ফেলে দিয়েছিলেন এই ডিফেন্ডার।










































