আন্তর্জাতিক ডেস্ক
লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতি শুরু হয়েছে। তবে ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপর বছরের পর বছর অবরুদ্ধ গাজা উপত্যকায় চালানো নিপীড়ন আরও জোরালো করে ইসরায়েলি বাহিনী। সেদিনের পর থেকে চালানো সামরিক অভিযানে প্রাণ হারিয়েছে ৪০ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৯০ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক।
এই সংঘাত ছড়িয়ে পড়তে থাকে মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলেও। গাজায় ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে একাধিকবার লেবানন সীমান্তে সহিংসতার ঘটনা ঘটেছে। দুই দেশই সীমান্ত থেকে বেসামরিক নাগরিকদের সরিয়ে নিয়েছে। লেবাননের উত্তরাঞ্চলীয় সীমান্তের নিয়ন্ত্রণ হিজবুল্লাহর কাছে। ইসরায়েলের সঙ্গে সংঘাতে এখন পর্যন্ত শতাধিক যোদ্ধা নিহত হয়েছেন। তবে এখন সীমান্তবর্তী এলাকা ছাপিয়ে এবার পরস্পরের সীমান্ত থেকে মূল ভূখণ্ডের বেশ ভেতরে হামলা চালানো শুরু করে দুই দেশ। স্থল অভিযানও শুরু করে ইসরায়েল। এতে করে ক্রমেই বাড়তে থাকে নিহতের সংখ্যা। এরপর গতকাল বুধবার দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়।
তবে ইসরায়েলের সঙ্গে এখনো যুদ্ধে আছে হুতি। ইরান সমর্থিত এই গোষ্ঠীর প্রধান আবদেল মালিক আল হুতি আজ বৃহস্পতিবার এক ভাষণে বলেছেন, ‘ইয়েমেন থেকে ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়া হবে।
তিনি বলেন, ‘আমি আশা করি, সেনাবাহিনীর সবাই আমাদের দায়িত্ব নিয়ে সচেতন থাকবে। আল্লাহ আমাদের সহায় হোন।’











































