Home খেলাধুলা রিয়ালকে হারিয়ে পাঁচে পাঁচ লিভারপুলের

রিয়ালকে হারিয়ে পাঁচে পাঁচ লিভারপুলের

20


স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদকে ২-০ গোলে উড়িয়ে দিয়েছে লিভারপুল। উয়েফা চ্যাম্পিয়নস লিগে শিরোপাধারীদের হারিয়ে শতভাগ জয়ের ধারা ধরে রাখল আর্না স্লটের শিষ্যরা।

বুধবার রাতে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমে ১৫ বছরের বেশি সময় পর রিয়ালের বিপক্ষে জয়ের স্বাদ পেল ইংলিশ ক্লাবটি। যেখানে দ্বিতীয়ার্ধের শুরুতে আলেক্সিস মাক আলিস্তের স্বাগতিকদের এগিয়ে নেওয়ার পর পেনাল্টি মিস করেন কিলিয়ান এমবাপ্পে। মিনিট দশেক পর একই অভিজ্ঞতা হয় মোহামেদ সালাহর। তবে বদলি নেমে লিভারপুলের দ্বিতীয় গোল করেন কোডি হাকপো।

এর আগে রিয়ালের বিপক্ষে লিভারপুলের সবশেষ জয়টিও ছিল এই অ্যানফিল্ডেই। ২০০৯ সালের মার্চে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ফিরতি লেগে ৪-০ গোলে জিতে, দুই লেগ মিলিয়ে ৫-০ গোলের অগ্রগামিতায় কোয়ার্টার-ফাইনালে উঠেছিল লিভারপুল। তারপর থেকে এবারের আগে দুই দলের ৮ বারের দেখায় ৭টিতেই হারে লিভারপুল, ড্র হয় একটি; সবগুলিই চ্যাম্পিয়নস লিগে, যার মধ্যে আছে দুটি ফাইনালে হারের বিষাদও।

চোটের কারণে ভিনিসিয়াস জুনিয়রকে ছাড়া খেলতে নামা রিয়াল প্রথমার্ধে গোলের জন্য ৫টি শট নিয়ে একটিও লক্ষ্যে রাখতে পারেনি। এই সময়ে লিভারপুলের ৬ শটের তিনটি লক্ষ্যে ছিল, সবগুলোই ঠেকিয়ে দেন কোর্তোয়া।

বিরতির পর ৫২তম মিনিটে লিভারপুলকে উল্লাসে ভাসান মাক আলিস্তের। ব্র্যাডলিকে বক্সের বাইরে পাস দিয়ে ভেতরে ঢুকে পড়েন তিনি। ফিরতি পাস পেয়ে এক ডিফেন্ডারের বাধা এড়িয়ে নিচু শটে ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন মিডফিল্ডার।

এরপর ৫৯তম মিনিটে লুকাস ভাসকেসকে লিভারপুলের অ্যান্ডি রবার্টসন বক্সে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। এমবাপ্পের দুর্বল স্পট-কিক ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন আইরিশ গোলরক্ষক কুইভিন কেলেহার।

৬৯তম মিনিটে সালাহকে রেয়ালের ডিফেন্ডার ফেরলঁদ মঁদি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় লিভারপুলও। কিন্তু বাইরে মেরে ব্যবধান বাড়ানোর সুযোগ হারান মিশরীয় ফরোয়ার্ড।

তবে ৭৬তম মিনিটে ব্যবধান বাড়িয়ে রিয়ালের ঘুরে দাঁড়ানোর পথ আরও কঠিন করে তোলেন আট মিনিট আগেই বদলি নামা হাকপো। রবার্টসনের ক্রসে বক্সে লাফিয়ে হেডে লক্ষ্যভেদ করেন অরক্ষিত ডাচ ফরোয়ার্ড।

অবশেষে জয়ের হাসিতে মাঠ ছাড়তে পারল লিভারপুল। চলতি আসরে পাঁচ ম্যাচের সবগুলিই জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল স্লটের কোচিংয়ে দারুণ ছন্দে থাকা দলটি। তবে শিরোপা ধরে রাখার অভিযানে নেমে পাঁচ ম্যাচের তিনটিতেই হারল রিয়াল। ৬ পয়েন্ট নিয়ে ২৪ নম্বরে নেমে গেল কার্লো আনচেলত্তির শিষ্যরা।