স্টাফ রিপোর্টার।।
খুলনায় আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হঠাৎ করেই খুনের ঘটনা বেড়ে গেছে। এ ছাড়া বিভিন্ন এলাকায় নতুন করে অপরাধীরা সংঘটিত হচ্ছেন। এতে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন। পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ায় সন্ত্রাসীরা মাথা চাড়া দিয়েছে এমন মন্তব্য সচেতন নগরবাসির। ফলে অপরাধ প্রবণতা বাড়ার পাশাপাশি খুনের ঘটনা বেড়েছে।
জানা গেছে, চলতি মাসের ২ নভেম্বর রাত ২টায় নগরীর শেরেবাংলা রোডে মো. রাসেল ওরফে পঙ্গু রাসেল নামে এক যুবককে গুলি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় মো. সজিব ও ইয়াসিন নামে আরও দুই যুবককে কুপিয়ে জখম করা হয়। সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল আলম জানান, রাত দুই-আড়াইটার দিকে কয়েকটি মোটরসাইকেলে করে ঘটনাস্থলে আসে সন্ত্রাসীরা। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রাসেলকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করা হয়। তার সঙ্গে থাকা সজিব ও ইয়াছিনকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত বলে ঘোষণা করেন। স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি নিয়ে দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। নিহত রাসেলের বিরুদ্ধে সোনাডাঙ্গাসহ বিভিন্ন থানায় মোট ১১টি মামলা রয়েছে। এর মধ্যে ডাকাতি, অস্ত্র ও মাদক মামলা উল্লেখযোগ্য।
অন্যদিকে একই রাতে কমার্স কলেজ এলাকায় জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান বেলালকে কুপিয়ে জখম করে সন্ত্রাসীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে বেলাল মোটরসাইকেলে করে কমার্স কলেজের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তার গতিরোধ করে সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বাম হাতের কবজিতে কুপিয়ে জখম ও ডান হাঁটুতে হাতুড়ি দিয়ে আঘাত করে পালিয়ে যায়। পরে তার স্বজনরা খবর পেয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। এর আগে ২৮ অক্টোবর হামলায় মানিকতলা ট্রাক ইউনিয়নের শ্রমিক মো. মিলন নিহত হন। এলাকাবাসী জানান, রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে মানিকতলা সংলগ্ন রেল লাইনের কাছে মিলনের ওপর হামলা চালানো হয়। আহত অবস্থায় মিলনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দুই দিন পর ৩১ অক্টোবর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনার প্রতিবাদে ১ নভেম্বর বিকেলে মিলনের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সহকর্মী ও স্বজনরা মিলনের লাশ নিয়ে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দেয়। সবশেষ দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে শেরে বাংলা রোডের জোহরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় পর পর ৫ রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানান, ২৩ নভেম্বর রাতে মোটরসাইকেল ও প্রাইভেট কার যোগে এসে একটি পুকুর ভরাটকে কেন্দ্র করে গুলি করেছে দুর্বৃত্তরা।
নগরের সোনাডাঙ্গা আবাসিক এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো এলাকায় খুনোখুনির ঘটনা ঘটছে। মাদক কারবারিরা আগের মতো পাড়া-মহল্লায় গলিপথ আটকে আড্ডা দিচ্ছে। কোনো কোনো জায়গায় ইভটিজিংয়ের মতো ঘটনাও ঘটছে। ফলে পরিবার-পরিজন নিয়ে আতঙ্কের মধ্যে থাকতে হয়।’ একই কথা শোনা যায় টুটপাড়ার জোড়াকল বাজার এলাকার বাসিন্দা মশিউর রহমানের ভাষ্যে। তিনি বলেন, ‘মাঝে মধ্যেই মোটরসাইকেলে করে বিকট শব্দ তুলে সন্ত্রাসীরা এলাকায় মহড়া দেয়। তাদের হাতে ধারালো অস্ত্র, হকিস্টিক, লাঠি থাকে। এলাকায় পুলিশের তেমন মনিটরিং দেখি না। পুলিশ না থাকায় ভয়ের মধ্যে থাকতে হয়।’
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, ‘পুলিশ এখনো পুরোপুরি সক্রিয় না হওয়ায় সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়েছে। তারা নতুন ছত্রছায়ায় মাদকের কারবার, চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অপরাধে যুক্ত হচ্ছেন।’ এদিকে খুলনা মহানগরীকে চাঁদাবাজ, মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাংমুক্ত রাখতে গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মহড়া ও গণসংযোগ করছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু ও অতিরিক্ত ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মো. হুমায়ন কবীরের নেতৃত্বে অপরাধপ্রবণতা নির্মূলে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছে পুলিশ।
কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. মনিরুজ্জামান মিঠু বলেন, বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। অস্ত্র উদ্ধারে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী কাজ করছে। মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড নির্মূলে পুলিশ সক্রিয় রয়েছে।











































