Home খেলাধুলা শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের দেড় শ পার

শান্তর হাফ সেঞ্চুরিতে বাংলাদেশের দেড় শ পার

17


স্পোর্টস ডেস্ক

সিরিজ বাঁচানোর জন্য শারজাহ ক্রিকেট গ্রাউন্ডে আজ আফগানিস্তানের বিপক্ষে লড়ছে বাংলাদেশ। টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে দারুণ ব্যাট করছে টাইগাররা। একটু ধীরগতিতে হলেও ৩ উইকেট হারিয়েই দেড় শ রান পার করেছে বাংলাদেশ। এরই মধ্যে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৫৩ রানে ব্যাট করছে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৬০ রানে এবং আরেক পাশে তাওহিদ হৃদয় অপরাজিত আছেন ১ রানে।

আগের দিনে পরে ব্যাট করে হারতে হয়েছে, তাই আজ টসে জিতে ব্যাটিং নিতে দুইবার ভাবেননি শান্ত। ইনজুরির কারণে ম্যাচে খেলতে পারছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। তার পরিবর্তে অভিষেক হয়েছে জাকের আলীর। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ।

এদিন শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করতে থাকেন তানজিদ হাসান তামিম। আরেক পাশে স্থির ছিলেন সৌম্য। একের পর এক বাউন্ডারি আদায় করে বাংলাদেশের ইনিংসের রানের চাকা সচল রাখেন তিনি। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি এই ইনিংস। আল্লাহ গাজানাফারের করা চতুর্থ ওভারের প্রথম বলে ছক্কা হাঁকানোর পরের বলেই আউট হন জুনিয়র তামিম। দলীয় ২৮ রানে বিদায় নেওয়ার আগে ১৭ বলে ৩টি চার ও ১ ছক্কার সাহায্যে ২১ রান করেন তিনি।

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও দ্বিতীয় উইকেটে দারুণ জুটি গড়েন শান্ত ও সৌম্য। ৭১ রান যোগ করেন তারা। যদিও শুরুর দিতে দ্রুতগতিতে রান তুললেও শেষে রান তোলার গতি কমে যায় তাদের। শতক পার হওয়ার ঠিক আগে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন সৌম্য। ৪৯ বলে সমান দুইটি চার ও ছক্কায় ৩৫ রান করেন তিনি। এরপর শান্তর সঙ্গে জুটি বাঁধেন মিরাজ। দুজনে দারুণ ব্যাট করতে থাকলেও দলীয় ১৫২ রানে ভাঙে জুটি। ৩৩ বলে ২২ রান করে রশিদ খানের বলে বোল্ড হন মিরাজ।