Home খেলাধুলা ‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পূর্ব পরিকল্পিত, সত্যের জয় হবে’

‘আমার বিরুদ্ধে ওঠা অভিযোগ পূর্ব পরিকল্পিত, সত্যের জয় হবে’

17


স্পোর্টস রিপোর্টার

কোচ চন্ডিকা হাথুরুসিংহকে অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বৃহস্পতিবার ছাঁটাই করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ছাঁটাই করার আগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই কোচকে। সেই নোটিশের জবাব দিয়েছেন হাথুরু। এ ব্যাপারে বিসিবি কিছু না জানালেও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই লঙ্কান কোচ দাবি করেন তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো পূর্ব পরিকল্পিত।
কারণ দর্শানো নোটিশ দেওয়া ও ছাঁটাই করার জন্য হাথুরুর বিরুদ্ধে দুটি অভিযোগ আনে বিসিবি। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে স্পিনার নাসুম আহমেদের গায়ে হাত তোলা প্রথম অভিযোগ। আর দ্বিতীয় অভিযোগ বিনা অনুমতিতে ছুটি কাটানোর।

বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায়, বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে নাসুমের গায়ে হাত দেওয়ার ঘটনা ঘটে। ম্যাচে বিরতির সময় একাদশের বাইরে থাকা নাসুমকে পানি নিয়ে মাঠে যেতে বলেন কোচ। পানি নিয়ে মাঠে যেতে নাসুমের ৩০ সেকেন্ড দেরি হয়। যে কারণে তাকে চড় মারেন হাথুরু। এই ঘটনায় নাসুম কান্নায় ভেঙে পড়েন। তখন প্রধান কোচের এমন ব্যবহারের প্রতিবাদ জানান দলের ট্রেইনার এবং বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। ম্যাচ শেষে ক্রিকেটাররাও ঘটনাটি জানতে পারেন। দুটি অভিযোগ নিয়ে হাথুরু বলেন, ‘২০২৩ বিশ্বকাপের ম্যাচ চলাকালে একজন খেলোয়াড়ের উপর কথিত হামলা এবং অনুমতি ছাড়া অতিরিক্ত ছুটি নেওয়ার দাবির বিষয়ে আমার সততা এবং পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করে তোলা সাম্প্রতিক অভিযোগের ব্যাপারে আমি এই চিঠি লিখছি। এই ব্যাপারে চুপ থেকে আমি এই ধরনের অনুমানভিত্তিক বিষয়টিকে চ্যালেঞ্জ না করে থাকতে পারবো না। আমি বিশ্বাস করি, এই ধরনের বিষয়গুলো স্পষ্ট করা দরকার। আমি আমার কথাগুলো বলতে চাই।’
নাসুমের গায়ে হাত তোলার অভিযোগের জবাবে হাথুরু বলেন, ‘প্রথমত, অভিযুক্ত ঘটনাটি খেলোয়াড়দের ডাগআউট বা ড্রেসিং রুমে ঘটেছিল, যে জায়গায় বিশ্বকাপের ম্যাচ চলাকালে সার্বক্ষণিক নজরদারি থাকে। ৪০ থেকে ৫০টিরও বেশি ক্যামেরা খেলার প্রতিটি মুহূর্ত সঙ্গে সঙ্গে ধারণ করে। আমি অভিযোগকারীকে যাচাই করার সুযোগ পাইনি বা কোনও সাক্ষীও পাইনি, আদৌ যদি থেকে থাকে।’

এছাড়া ঘটনার অনেক পরে অভিযোগ ওঠার উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন হাথুরু। তিনি বলেন, ‘আরেকটি বিষয় হলো, ঘটনাটি যতটা গুরুতর হিসেবে দাবি করা হয়েছে, আশ্চর্যের ব্যাপার যে সংশ্লিষ্ট খেলোয়াড় ইভেন্টের পরে অবিলম্বে টিম ম্যানেজার বা কোনও কর্তৃপক্ষকে ঘটনাটি জানায়নি। যদি অভিযোগ করাও হয়, আমি বিস্মিত যে কেন আমাকে প্রশ্ন করা হয়নি কিংবা আমার কাছ থেকে কিছু জানতে চায়নি। প্রশ্ন উঠছে, কেন এটি কয়েক মাস পরে ইউটিউবে একজন ব্যক্তির মাধ্যমে প্রকাশিত হলো?’ হাথুরুসিংহের বিরুদ্ধে ইচ্ছে মতো ছুটি কাটানোর অভিযোগও এনেছে বিসিবি। তার বছরে ছুটি বরাদ্দ ছিল ৪৫ দিনের। তবে গত বছর তিনি কাটান ৬৭ দিন ছুটি। চলতি বছর এখন পর্যন্ত কাটিয়েছেন ৫৯ দিন ছুটি। অতিরিক্ত ছুটি নেওয়া প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘ছুটি নেওয়ার দাবির বিষয়ে, আমি স্পষ্ট করতে চাই যে আমি ব্যক্তিগতভাবে ছুটি নেওয়ার বেলায় সবসময় সিইও এবং ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান উভয়ের কাছ থেকে অনুমতি চেয়েছি এবং পেয়েছি। কোনও সময়ই বিসিবি আমাকে বলেনি যে তারা আমার ছুটি নিয়ে অসন্তুষ্ট। বরং আমি যতবারই ছুটি চেয়েছি, বিসিবি তা মঞ্জুর করেছে। তাদের অনুমতি ছাড়া আমি কখনও ছুটিতে যাইনি।’ নতুন বোর্ড সদস্যরা ছুটির মধ্যে পড়া সরকারি ছুটি আমলে নেননি বলে অভিযোগ করেন হাথুরু।

তিনি বলেন, ‘নতুন বোর্ড সদস্যরা অভিযোগ করলো যে আমি অতিরিক্ত ছুটি নিয়েছি। আমার ছুটির মধ্যে পড়া সরকারি ছুটির হিসাব করেনি, যেমন ঈদের দিন, শুক্রবার। আমি যখন সরকারি ছুটির সময় আমি ছুটি নেইনি, তখন তারা বাহবা দেয়নি। আমি এটা বুঝতে পেরেছি, বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী, আমি শুক্রবারে করা কাজের জন্য পরে সেই ছুটি পাওয়ার দাবি রাখি। একজন বিসিবি চাকরিজীবী হিসাবে, আমি শুক্রবার ও বৃহস্পতিবারের অর্ধেক দিন মিলিয়ে দেড় দিনের ছুটি পাই। আরেকটি ব্যাপার মনে করাতে হবে যে, বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) সময় বিদেশি কোচদের ছুটি নেওয়াটা একটা সাধারণ রীতি। এটি আমার কাছে ব্যতিক্রম কিছু নয় বরং আমার মেয়াদের আগে অনেক বিদেশি কোচের জন্য এটি স্বীকৃত ব্যাপার।’ সবমিলিয়ে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ পূর্বপরিকল্পতি বলে দাবি হাথুরুর। এই লঙ্কান কোচ বলেন, ‘আমার মনে হচ্ছে এসব অভিযোগ পূর্বপরিকল্পিত। নতুন সভাপতির মেয়াদের প্রথম দিনে, তিনি প্রধান কোচকে অপসারণের ইচ্ছা প্রকাশ করে একটি প্রকাশ্য বক্তব্য দিয়েছিলেন। আরেকজন প্রধান কোচ নিয়োগের মাত্র চার ঘণ্টা আগে শোকজ নোটিশ পেয়ে আমি হতভম্ব। সেখানে বলা হয়েছে যে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। ঘটনার ক্রমধারা এই কর্মকাণ্ডের পেছনের উদ্দেশ্য সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে।’