স্টাফ রিপোর্টার
লাগামহীন স্বেচ্ছাচারিতা ও অনিয়ম-দুর্নীতির বেশুমার অভিযোগ সত্ত্বেও বহাল তবিয়তে রয়েছেন খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মিজানুর রহমান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের আশীর্বাদপুষ্ট হিসেবে এক যুগের বেশি সময় ধরে খুলনায় কর্মরত থেকে তিনি হয়ে ওঠেন বেপরোয়া। দুর্নীতির মাধ্যমে মালিক হয়েছেন প্লট-বহুতল ভবনসহ নানা সম্পদের।
২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উপপরিচালক মোঃ মিজানুর রহমানকে পরিচালক পদে পদোন্নতি দেয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। ওই আদেশে একই সঙ্গে পাঁচজনকে পরিচালক পদে পদোন্নতি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের বাইরে ছিলেন মিজানুর রহমান। এমনকি পাবলিক সার্ভিস কমিশনের মেধাতালিকা ও শ্রম অধিদপ্তরের গ্রেডেশন তালিকা অনুযায়ী তার অবস্থান ছিল ১৫তম। কিন্তু সাবেক প্রতিমন্ত্রী ও খুলনা-৩ আসনের সাবেক সংসদ সদস্য মন্নুজান সুফিয়ানের সুপারিশে ১০ জনকে ডিঙিয়ে মিজানুর রহমানকে গ্রেডেশন তালিকার বাইরে থেকে পদোন্নতি দেওয়া হয়। মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে মন্নুজান সুফিয়ান তার পক্ষে সুপারিশ করেন। এদিকে এক যুগের বেশি সময় ধরে খুলনায় শ্রম দপ্তরে কর্মরত রয়েছেন মিজানুর রহমান। মন্নুজান সুফিয়ানের আস্থাভাজন হওয়ায় এই দপ্তরে শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের চিকিৎসা বা মৃত্যুতে আর্থিক অনুদান প্রদান, শিল্প ক্ষেত্রে শ্রমবিরোধ নিষ্পত্তি, ট্রেড ইউনিয়নের রেজিস্ট্রেশনসহ বিভিন্ন ক্ষেত্রে সনদ প্রদানে তার কথাই ছিল শেষ কথা। চাকরির বাইরে দৃশ্যমান কোনো আয় না থাকলেও এ সময়ে তিনি বাড়ি-গাড়ির মালিক হয়েছেন। ৫ আগস্টের পর থেকে মন্নুজান সুফিয়ান আত্মগোপনে গেলেও মিজানুর রহমান রয়েছেন বহাল তবিয়তে।
পরিচালক পদে পদোন্নতি পাওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন মিজানুর রহমান। মন্নুজান সুফিয়ানের বদলে ওই আসনে আওয়ামী লীগ এস এম কামাল হোসেনকে মনোনয়ন দিলে কৌশলী মিজানুর রহমান খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সালাহউদ্দিন জুয়েলের ব্যক্তিগত সহকারী (পিএস) সাইদুর রহমান স্বাস্থ্য দপ্তরে আউটসোর্সিং শ্রমিক ঠিকাদারি নিয়োগ কাজে জড়ালে প্রতিদ্বন্দ্বী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিভিন্ন সনদ প্রদানে হয়রানি করেন মিজান। এ সময় বেতন না পেয়ে ভুক্তভোগী শ্রমিকরা তার দপ্তরে দিনের পর দিন অবস্থান করলেও তিনি অভিযোগ আমলে নেননি।
এদিকে সর্বশেষ খুলনা-যশোর অঞ্চলের বন্ধ হওয়া রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকদের পাওনা আদায়ে পদক্ষেপ না নেওয়ায় শ্রম পরিচালক মিজানুর রহমানের বিচার ও অপসারণ দাবিতে ঘেরাও কর্মসূচি পালন করছেন খুলনা-যশোর আঞ্চলিক কারখানা কমিটির নেতা-কর্মীরা। গত মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ৬ ঘণ্টা বিভাগীয় শ্রম কার্যালয় ঘেরাও করে রাখেন শ্রমিকরা। এতে শ্রম দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে আটকা পড়েন। পরে বিকেল ৫টার দিকে শ্রমিকনেতাদের সহায়তায় কর্মকর্তা-কর্মচারীরা অফিস ত্যাগ করেন।
খালিশপুর-দৌলতপুর জুট মিল যৌথ কারখানা কমিটির সভাপতি ও সিবিএ সাংগঠনিক সম্পাদক মোঃ মনির হোসেন মনি বলেন, মিলগুলো চালু ও বকেয়া বেতনের জন্য খুলনা বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক হিসেবে মিজানুর রহমানের কোনো ভূমিকা ছিল না। উপরন্তু তার কাছে গেলে তিনি আমাদের গুলি করে মেরে ফেলার হুমকি দেন। তিনি ছিলেন ফ্যাসিস্ট সরকারের সাবেক শ্রমমন্ত্রীর আস্থাভাজন কর্মকর্তা। বছরের পর বছর খুলনায় থাকার কারণে তিনি স্বৈরাচারী পরিচালকে পরিণত হয়েছেন। সরকারি কর্মকর্তা হয়ে তিনি কীভাবে একই জায়গায় এত বছর থাকেন? সাবেক সরকারের আমলে ১০ জনকে ডিঙিয়ে তিনি পরিচালক হয়েছেন।
শ্রমিকনেতাদের পক্ষ থেকে খুলনা জেলা পরিষদে দেওয়া এক স্মারকলিপিতে বলা হয়েছে, বিভাগীয় শ্রম অধিদপ্তরের পরিচালক মিজানুর রহমান ২০১২ সালে খুলনায় শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সামনে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের একটি প্লট কেনেন এক কোটি টাকা দিয়ে। ওই জায়গায় তার বহুতল ভবনও রয়েছে। চাকরির বাইরে দৃশ্যমান অন্য আয় না থাকা সত্ত্বেও এত টাকার সম্পদ তিনি কীভাবে গড়লেন? তিনি খুলনা বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ঘুষের বিনিময়ে সাবেক শ্রমমন্ত্রীর আশীর্বাদপুষ্ট লোককে নির্বাচিত ঘোষণা করেন। শ্রমিক নেতারা বলেন, খুলনা-যশোর অঞ্চলের শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেকারত্বের অভিশাপ নিয়ে অর্ধাহারে-অনাহারে দিন যাপন করছেন। বেশ কয়েক বছর আগে এ অঞ্চলের মিলগুলো বিগত ফ্যাসিস্ট সরকার বন্ধ করে দেয়। শ্রমিক-কর্মচারীদের অনেক বকেয়া পাওনা এখনো পর্যন্ত দেয়নি। এ ব্যাপারে শ্রম পরিচালক মিজানুর রহমান কোনো পদক্ষেপ নেননি। অবিলম্বে তাকে অপসারণ না করলে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।
আউটসোর্সিং ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স তাকবির এন্টারপ্রাইজের পরিচালক জাকিরুল ইসলাম জানান, তার প্রতিষ্ঠান ‘এ’ ক্যাটাগরির লাইসেন্স থেকে ‘বি’ ক্যাটাগরির লাইসেন্সের জন্য মিজানুর রহমানের কাছে গেলে তিনি লাইসেন্স না দিয়ে দিনের পর দিন হয়রানি করেন। একপর্যায়ে লাইসেন্স নবায়ন করতে হলে সাইদুর রহমানের (সাবেক এমপি সালাহউদ্দিন জুয়েলের ব্যক্তিগত সহকারী) সঙ্গে মিটমাট করার প্রস্তাব দেন।
অভিযোগ রয়েছে, শ্রমিক পরিবারের বিভিন্ন অনুদান দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক সুপারিশে তিনি পক্ষপাতিত্ব করেছেন। কৃষি শ্রমিক সাজিয়ে নিজেদের পছন্দের মানুষকে সরকারি অনুদান দিয়েছেন। তিনি শ্রম দপ্তরকে রাজনৈতিক কার্যালয়ে পরিণত করেছেন। এসব বিষয়ে বিভাগীয় শ্রম পরিচালক মিজানুর রহমান বলেন, আমি দুই দিনের ছুটিতে গ্রামের বাড়িতে রয়েছি। রাষ্ট্রায়ত্ত পাটকল তো বিজেএমসি, পাট মন্ত্রণালয় ও অর্থ মন্ত্রণালয়ের অধীনে। সেখানে আমাদের তেমন ভূমিকা নেই। তারপরও আমি শ্রমিকদের পাওনা পরিশোধের জন্য বিভিন্ন দপ্তরে চিঠি দিয়েছি।
পদোন্নতির বিষয়ে তিনি বলেন, সততা ও দক্ষতার ভিত্তিতে কাজ করেছি। পদোন্নতি সরকারের এখতিয়ার। এর আগে আমি পাঁচ বছর পরিচালক ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্বে ছিলাম। আমাকে যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি দেওয়া হয়েছে। আমার বদলি অথরিটির ব্যাপার। এর সঙ্গে শ্রমিক আন্দোলনের সংযোগ থাকতে পারে না। কোনো একটি পক্ষ তাদের বিভ্রান্ত করে আন্দোলনে উসকানি দিচ্ছে।











































