Home খেলাধুলা আশা জাগিয়েও হোঁচট খেল বাংলাদেশ

আশা জাগিয়েও হোঁচট খেল বাংলাদেশ

16


স্পোর্টস ডেস্ক

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে আশা জাগিয়েও গুয়ামের বিপক্ষে জিততে পারেনি বাংলাদেশ। ম্যাচটি ২-২ গোলে ড্র করেছেন মারুফুল হকের শিষ্যরা। ফলে বাছাইয়ে লক্ষ্যপূরণের সম্ভাবনাও ধোঁয়াশায় পরিণত হয়েছে।

আজ সোমবার ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের ষষ্ঠ মিনিটে রাজু আহমেদ জিসানের নিচু ক্রসে বল পেয়ে মিরাজুল ইসলাম নিখুঁত টোকায় এগিয়ে নেন দলকে।

তবে ৭৪তম মিনিটে সমতায় ফেরে গুয়াম। বক্সে অধিনায়ক আশরাফুল হক আসিফের হাতে বল লাগলে পেনাল্টি পায় দলটি, তা থেকে সমতা ফেরান সুনতারো সুজুকি।

কিন্তু ৮৮তম মিনিটের গোলে আবারও জয়ের আশা জাগায় বাংলাদেশ। প্রতিপক্ষের কাছ থেকে বল কেড়ে নিয়ে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন মইনুল ইসলাম। তবে যোগ করা সময়ের শুরুতে সে আশাও ফিকে হয়ে যায় বাংলাদেশের। গ্যাভিন বেকারের আড়াআড়ি পাসে কার্টিস হারমনের চিপ গোলরক্ষক মাহিন ইসলামের মাথার ওপর দিয়ে জালে জড়ালে সমতায় ফিরে গুয়াম।

দুই ম্যাচ ১ পয়েন্ট নিয়ে গ্রুপে চতুর্থ স্থানে আছে বাংলাদেশ। নিজেদের তৃতীয় ম্যাচে আগামী শুক্রবার তারা মুখোমুখি হবে স্বাগতিক ভিয়েতনামের।

বাছাইয়ের ১০ গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ দল পাবে মূল পর্বে খেলার টিকিট।