Home খেলাধুলা মৌসুম থেকে ছিটকে গেছেন টের স্টেগেন!

মৌসুম থেকে ছিটকে গেছেন টের স্টেগেন!

14


স্পোর্টস ডেস্ক

ভিয়ারিয়ালের বিপক্ষে গত রবিবার লা লিগার ম্যাচে চোট পান মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ৪৪তম মিনিটে প্রতিপক্ষের একটি কর্নারে লাফিয়ে বলের নিয়ন্ত্রণ নিয়ে বাজেভাবে মাটিতে পড়েন এই জার্মান গোলকিপার। তার শরীরের পুরো ভার পড়ে ডান হাঁটুর ওপর।

পরে স্টেগেনকে মাঠে শুয়েই কাতরাতে দেখা যায়। প্রাথমিক চিকিৎসার পর স্ট্রেচারে বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। তার বদলি হিসেবে নামানো হয় ইনাকি পেনাকে। ম্যাচটি ৫-২ গোলে জেতে বার্সেলোনা।

সেই চোটের পর এবার বার্সেলোনা নিশ্চিত করল, জার্মান এই গোলকিপারের ডান হাঁটুতে আবারও করাতে হবে অস্ত্রোপচার। এ নিয়ে কাতালান ক্লাবটি সোমবার বিবৃতি দিয়ে জানায়, এদিনই শল্যবিদের ছুরিকাঁচির নিচে যাচ্ছেন ৩২ বছর বয়সী টের স্টেগেন।

বিবৃতিতে বলা হয়, ‘পরীক্ষায় নিশ্চিত হওয়া গেছে যে, মূল দলের খেলোয়াড় মার্ক টের স্টেগেনের ডান হাঁটুর প্যাটেলার টেন্ডন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার বিকেলে (স্প্যানিশ সময়) তার অস্ত্রোপচার করা হবে এবং এরপর জানানো হবে তার পরবর্তী অবস্থা।’

এর আগে ২০২০ ও ২০২১ সালেও ডান হাঁটুতেই অস্ত্রোপচার করাতে হয়েছিল টের স্টেগেনকে। এবার ফের একই জায়গায় অস্ত্রোপচারের ফলে সাত থেকে আট মাসের মতো মাঠের বাইরে থাকতে হতে পারে তাকে। ফলে চলতি মৌসুমে তাকে পাওয়ার সম্ভাবনা তেমন একটা নেই বার্সেলোনার।

বার্সেলোনা ৬ ম্যাচের সবকটি জিতে লা লিগার পয়েন্ট টেবিলে এখন সবার ওপরে। সমান ম্যাচ খেলে ৪টি জেতা রিয়াল মাদ্রিদ আছে দুই নম্বরে।