Home খেলাধুলা দ. আফ্রিকার প্রতিনিধি দল মিরপুরে

দ. আফ্রিকার প্রতিনিধি দল মিরপুরে

12


স্পোর্টস ডেস্ক

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অক্টোবরের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। এই সিরিজকে ঘিরেই নিরাপত্তা ব্যবস্থা পরখ করতে সম্প্রতি দেশটির একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।

প্রতিনিধি দলটি গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পরিদর্শন করেছে। এরপর আজ সোমবার সকালে মিরপুর স্টেডিয়াম ঘুরে দেখেন তারা।

টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এই সিরিজের দুটি ভেন্যুর ব্যাপারেও আলোচনা প্রায় এক প্রকার নিশ্চিত। ধারণা করা হচ্ছে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম ও চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হতে পারে দুটি টেস্ট।

সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দক্ষিণ আফ্রিকার এই সিরিজ খেলতে আসার বিষয়টি নিয়ে শঙ্কা তৈরি হয়। তবে পরবর্তীতে তারা নিরাপত্তাজনিত কোনো শঙ্কা আছে বলে মনে করে না বলে জানায়। সিরিজের দুই ম্যাচ ২৯ অক্টোবর এবং ৩ নভেম্বর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে এই সিরিজে নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। গেল কয়েক দিন ধরেই মিরপুরে চলছে মহড়া। আজও ছিল সশস্ত্র বাহিনীর সদস্যদের ব্যস্ততা। সেনাবাহিনীর সাথে ছিল ফায়ার সার্ভিসের কর্মকর্তারাও।