Home খেলাধুলা ফ্লু’তে আক্রান্ত মেসি, একাকী অনুশীলন

ফ্লু’তে আক্রান্ত মেসি, একাকী অনুশীলন

16


স্পোর্টস ডেস্ক।।
গোড়ালির চোট সারতেই এবার ফ্লু’তে আক্রান্ত হলেন লিওনেল মেসি। আবারো পেছালো তার মাঠে ফেরার সময়। ভাইরাস জ্বরে আক্রান্ত আর্জেন্টাইন সুপারস্টার। বুধবার থেকে একাকী অনুশীলন করছেন তিনি।
ফ্লু’তে আক্রান্ত হওয়ায় ইন্টার মায়ামি ফিলাডেলফিয়া ইউনিয়নের বিরুদ্ধে রোববারের ম্যাচে মেসিকে পাচ্ছে না। তবে ১৯শে সেপ্টেম্বর আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে আশাবাদী মায়ামি কর্তৃপক্ষ।
কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ডান পায়ের গোড়ালির ইনজুরিতে পড়েন মেসি। শিরোপা জয় স্বস্তি দিলেও এরপর থেকেই মাঠের বাইরে আর্জেন্টাইন তারকা। কবে ফিরতে পারবেন মাঠে সেটাও ছিল অনিশ্চিত। তবে ফ্লোরিডায় সম্প্রতি ইন্টার মায়ামির অনুশীলনে লিওকে দেখে আশায় বুক বেঁধেছিলেন ভক্তরা। ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচ সামনে রেখে অনুশীলন চলছে মায়ামির। গোড়ালির ইনজুরি থেকে সেরে ওঠায় সেই অনুশীলনে যোগ দেন মেসিও। ম্যাচে তাকে পাওয়ার ব্যাপারে ইঙ্গিত দেয় মায়ামি কর্তৃপক্ষ। মেসির ম্যাচ খেলার ইঙ্গিত পেয়েই ফ্লোরিডার চেজ স্টেডিয়ামের সেই ম্যাচের টিকিট কিনতে হুমড়ি খেয়ে পড়ে সমর্থকরা।
তবে বুধবারের অনুশীলনে মেসি না থাকায় শুরু হয় জল্পনা। অনেকে ধারণা করেছিলেন ইনজুরি পুরোপুরি সারেনি মেসির। তবে পায়ের চোট নয়, ভাইরাস জ্বরে আক্রান্ত মেসি এমন খবর প্রকাশ করেছে আর্জেন্টাইন বেশ কয়েকটি সংবাদ মাধ্যম।
মায়ামি কর্তৃপক্ষ জানায়, পায়ের ইনজুরি নিয়ে নতুন করে কোনো সমস্যায় পড়েননি মেসি। আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে বিশ্বকাপ জয়ী তারকাকে পাওয়া নিয়ে আশাবাদী মায়ামি। তবে ফিলডেলফিয়ার বিপক্ষে মেসিকে পাওয়া যাবে না।
চলতি মৌসুমে ইন্টার মায়ামির হয়ে ১৫ ম্যাচে ১৪ গোল করেছেন লিওনেল মেসি। গেল মৌসুমে তার নেতৃত্বেই লীগস কাপের শিরোপা জেতে মায়ামি। যা ক্লাবটির ইতিহাসের প্রথম ট্রফি। তবে মেসিকে ছাড়া মাঠে নেমে সেই শিরোপা এবার ধরে রাখতে পারেনি সাবেক ইংলিশ ফুটবল তারকা ডেভিড বেকহ্যামের ক্লাব। এ মৌসুমে মেজর লীগ সকারে এখন পর্যন্ত ২৭ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ইন্টার মায়ামি।