Home খেলাধুলা প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়নের ‘পরিবার’ রোনালদোর

প্রথম অ্যাথলেট হিসেবে ১ বিলিয়নের ‘পরিবার’ রোনালদোর

18


স্পোর্টস ডেস্ক

বয়স ৩৯ পেরিয়ে গেছে। ফুটবলে এই বয়সের আগেই বুটজোড়া তুলে রাখেন অনেকে। তবে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ব্যতিক্রম। সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে খেলা এই তারকা এখনো নিয়মিতই গোল পাচ্ছেন। কয়েকদিন আগেই স্পর্শ করেছেন ৯০০ গোলের মাইলফলক। এবার সামাজিক যোগাযোগমাধ্যমেও রেকর্ড গড়লেন সিআরসেভেন।

ইতিহাসের প্রথম অ্যাথলেট হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর অনুসারী ছাড়িয়েছে ১ বিলিয়ন বা ১০০ কোটি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, এক্স, ইনস্টাগ্রামে রোনালদোকে অনুসরণ করেন ভক্তরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবেও কয়েকদিন আগে অ্যাকাউন্ট খুলেছেন তিনি। সেখানেও অনুসারী সংখ্যায় ছাড়াচ্ছেন একের পর এক রেকর্ড।

ইতিহাস গড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে রোনালদো লিখেছেন, ‘আমরা ইতিহাস তৈরি করেছি—১ বিলিয়ন অনুসারী! এটা সংখ্যার চেয়েও বেশি কিছু- এটা খেলা ও খেলার বাইরে আমাদের সবার আবেগ, অনুভূতি ও ভালোবাসা। মাদেইরার (পর্তুগালের অঞ্চল) রাস্তা থেকে বিশ্বের সর্বোচ্চ মঞ্চে, আমি সবসময় আমার পরিবার ও আপনাদের জন্য খেলেছি। এখন আমাদের সঙ্গে ১ বিলিয়ন অনুসারী।’

দীর্ঘ স্ট্যাটাসে রোনালদো আরও লেখেন, ‘ভালো সময় কিংবা খারাপ সময়ে; আপনারা আমার সঙ্গে প্রতিটি পদক্ষেপে ছিলেন। এই যাত্রা আমাদের যাত্রা এবং একসঙ্গে আমরা দেখিয়েছি যে আমাদের অর্জনের কোনো সীমা নেই। আমার ওপর বিশ্বাস রাখার জন্য, সমর্থনের জন্য ও জীবনের অংশ হওয়ার জন্য আপনাদের ধন্যবাদ। সেরা জিনিস আসার সময় এখনো বাকি আছে এবং আমরা আরও চেষ্টা করবো, জিতবো এবং একসঙ্গে ইতিহাস গড়বো।’

রোনালদোর সবচেয়ে বেশি ভক্ত ইনস্টাগ্রামে। এই সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারী ৬৩৮ মিলিয়নের উপরে। এছাড়া ফেসবুকে ১৭০ মিলিয়নের উপরে, এক্সে ১১৩ মিলিয়নের উপরে এবং ইউটিউবে ৬০ মিলিয়নের উপরে রোনালদোর ফলোয়ার এবং সাবস্ক্রাইবার রয়েছে।