Home খেলাধুলা ‘ঘরের মাঠ’ ভারতে বিপাকে আফগানিস্তান

‘ঘরের মাঠ’ ভারতে বিপাকে আফগানিস্তান

28


স্পোর্টস ডেস্ক

আফগানিস্তান ও নিউজিল্যান্ডের মধ্যকার একমাত্র টেস্ট উত্তরপ্রদেশের নয়ডায় শুরু হওয়ার কথা ছিল গতকাল সোমবার। তবে ভেজা মাঠের কারণে সেই ম্যাচ শুরু করা যায়নি। যদিও সোমবার নয়ডায় বৃষ্টি হয়নি। তবুও ভেজা ছিল মাঠ। এর ফলে আয়োজক আফগানিস্তান সেখানে আর কখনও না আসার কথা ভাবতে শুরু করেছে।

বেশ অনেক দিন যাবৎ ভারতের মাটিতেই টেস্ট ম্যাচ খেলে আফগানিস্তান। যেখানে নিজেদের ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলছে তারা। অন্যদিকে কিউইদের কাছে এই ম্যাচ ছিল অনুশীলনের সেরা সুযোগ। কেননা উপমহাদেশে শ্রীলংকা এবং ভারতের বিপক্ষে মোট পাঁচটি ম্যাচ খেলতে হবে নিউজিল্যান্ডকে। যে টেস্টগুলি বিশ্ব চ্যাম্পিয়নশিপের মধ্যে রয়েছে। ফলে দুই দলের কাছেই এই টেস্ট ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু সেই ম্যাচ শুরুই করা গেল না।

এবার প্রশ্ন উঠছে নয়ডার মাঠকর্মীদের নিয়ে। রবিবার সেখানে বৃষ্টি হয়েছিল। সেই সময় মাঠ ভিজে গিয়েছিল। সোমবার সারা দিন বৃষ্টি না হলেও খেলা শুরু করার মতো পরিস্থিতি তৈরি করা যায়নি। মাঠ ঢাকা দেওয়ার জন্য পর্যাপ্ত পরিমাণে আস্তরণ ছিল না। ছিল না সুপারসপারও। কাঠের গুঁড়ো ছড়িয়ে মাঠ শুকোনোর চেষ্টা করা হচ্ছিল। ম্যাচ রেফারি এবং আম্পায়ারেরা বার বার মাঠ পরীক্ষা করেন। কিন্তু খেলা শুরু করা যায়নি। খেলোয়াড় এবং দর্শক হতাশ হয়ে পড়েন।

যুদ্ধবিধ্বস্ত নিজেদের দেশে খেলা সম্ভব নয় বলে ভারতের মাটিতেই ঘরের ম্যাচ খেলে আফগানিস্তান। তারা নয়ডাকে বেছে নিয়েছিল। কিন্তু সেখানকার ব্যবস্থাপনা দেখার পর আর সেখানে খেলতে যেতে রাজি নয় তারা। আফগান ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা বলেন, ‘কোনো কিছুর ব্যবস্থা নেই। এখানে আর কখনও আসব না। লখনউয়ে খেলব। নয়ডায় ন্যূনতম কোনও পরিষেবা নেই। গোটা মাঠ জুড়েই অব্যবস্থা। খেলোয়াড়েরা খাবার নিয়ে খুশি নয়, অনুশীলনের জায়গায়ও ঠিক নয়, সব কিছুই খারাপ এখানে।’

এদিকে আফগানিস্তানের ব্যাটার ইব্রাহিম জাদরানের চোট। অনুশীলনে তাঁর গোড়ালিতে চোট লেগেছে। জানা গিয়েছে, তিনি ভেজা মাঠে পিছলে পড়ে যান। সেখান থেকে চোট লাগে তার। সেই চোট এতটাই গুরুতর যে, শুধু নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট নয়, এই মাসের শেষে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক দিনের সিরিজেও খেলতে পারবেন না।