স্পোর্টস ডেস্ক
পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্টে হোয়াইটওয়াশ করা বাংলাদেশ দলে আলাদাভাবে নজর কেড়েছেন পেসার নাহিদ রানা। দুই টেস্টেই তার গতির ঝড় দেখা গেছে। এমনকি দুই দল মিলিয়েই সবচেয়ে গতিময় বোলার ছিলেন তিনি।
দুই টেস্টে নাহিদ নেন ছয়টি উইকেট। সংখ্যার হিসাবে খুব বেশি নয়। সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে নেন ৪ উইকেট। আউট করেন শান মাসুদ, সৌদ শাকিল ও বাবর আজমকে। ভাগ্য সহায় হলে উইকেট পেতে পারতেন আরও।
বাংলাদেশ দল দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিমান ধরবে। সেই সিরিজেও স্বাভাবিকভাবে সেরাটা দিতে চান নাহিদ।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিসিবির পোস্ট করা একটি ভিডিওতে কথা বলেছেন নাহিদ। সেখানে তিনি বলেন, ‘প্রস্তুতি নিচ্ছি। যত ভালো প্রস্তুতি নেওয়া যায়, ম্যাচে তত ভালো হবে। ভারত ভালো দল। তবে ক্রিকেটে যারা ভালো খেলবে, তারাই জিতবে। ম্যাচে দেখা যাবে। দলকে সেরাটাও দেওয়া এখনো বাকি। ইনশাআল্লাহ দেব।’
এদিকে শোয়েব আখতার নাকি ব্রেট লি, বিশ্ব ক্রিকেটের এই দুই গতি তারকা কার মতো চতে চান নাহিদ? পাকিস্তান সিরিজে ১৫০ কিলোমিটার গতিতে বোলিং করা নাহিদ অবশ্য জানিয়ে দেন, নিজের মতোই হতে চান তিনি।
তিনি বলেন, ‘আমি কারও মতো নই, আমি নাহিদ রানা, নাহিদ রানাই হতে চাই। সত্যি কথা, ওভাবে কাউকে ফলো করি না। তবে আমার বাংলাদেশের সব পেসারদের ভালো লাগে। কারণ, তাদের খেলা টিভিতে দেখে বড় হয়েছি।’











































