Home আঞ্চলিক কেসিসির মেয়র-কাউন্সিলররা নিরুদ্দেশে

কেসিসির মেয়র-কাউন্সিলররা নিরুদ্দেশে

87


স্টাফ রিপোর্টার।।
খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেকসহ বেশির ভাগ কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলররা নিরুদ্দেশ রয়েছেন। ৫ আগস্টের পর থেকে বেশির ভাগ কাউন্সিলর মোবাইল ফোন বন্ধ করে রেখেছে।

একাধিক ওয়ার্ড অফিস এবং নগর ভবনে গিয়ে কারোর দেখা মেলেনি। শুধু তা-ই নয়, নগর ভবনে অনেক কর্মকর্তাও যাচ্ছেন না। এমন অবস্থায় সেবাবঞ্চিত হচ্ছেন লাখো মানুষ।

জানা যায়, সোমবারের পর থেকে নগরীর একাধিক ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয় ও নগর ভবনে ভাঙচুরসহ কেসিসির পেট্রোল পাম্পটিতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। এ ঘটনার পর থেকে কেসিসির মেয়রসহ ৩৮ জন কাউন্সিলর নিরুদ্দেশ রয়েছেন। অনেকের মোবাইল ফোন বন্ধ রয়েছে। যাদের ফোন খোলা রয়েছে, তারা নিজেদের নিরাপত্তার জন্য অফিস করছেন না।

এদিকে এ ঘটনার কারণে দৈনন্দিন সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে নাগরিক সনদপত্র, ওয়ারিশকাম সার্টিফিকেট, জন্মনিবন্ধনসহ নানা সেবা থেকে ওয়ার্ডের মানুষ বঞ্চিত হচ্ছেন।

একাধিক নাগরিক অভিযোগ করে বলেন, দেশের এ পরিস্থিতিতে জনপ্রতিনিধিরা এলাকায় নেই। তাই নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ। এ পরিস্থিতির দায় কে নেবে-এমন প্রশ্নের কোনো উত্তর নেই।

এদিকে নগর ভবনেও থমথমে অবস্থা বিরাজ করছে। আওয়ামী লীগপন্থি অনেক কর্মকর্তা অফিসে আসছেন না। ২০২৩ সালের ১৩ জুন কেসিসির নির্বাচনে ৩১ জন কাউন্সিলর এবং ১০ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের মধ্যে মাত্র দুজন ছাড়া বাকিরা আওয়ামী লীগ সমর্থিত। জামায়াত থেকে নির্বাচিত হয়েছিলেন মো. শফিকুল আলম এবং বিএনপি থেকে মাজেদা খাতুন। মেয়র তালুকদার আব্দুল খালেকের মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

প্যানেল মেয়র-১ এবং সাবেক সেনাপ্রধানের ভাই এসএম রফিউদ্দিন আহম্মেদ বলেন, আমি অফিস করছি না। নগর ভবনে যাচ্ছি না। মেয়র আমাকে কোনো দায়িত্বও দিয়ে যাননি।

প্যানেল মেয়র-২ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কাউন্সিলর এসএম খুরশিদ আহম্মেদ টোনা জানান, বেশির ভাগ কাউন্সিলরের অফিসে ও বাসায় হামলা হয়েছে। অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এখন হয়তো সবকিছু স্বাভাবিক হবে। সাময়িকভাবে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

এছাড়া একাধিক কাউন্সিলরের মোবাইল ফোনে কল দিলে সেটা বন্ধ পাওয়া যায়। অনেকেই মোবাইল ফোনে দাবি করেছেন, নিরাপদে আছি, তবে অবস্থান বলা যাবে না। পরিস্থিতি ঠিক হলে এলাকায় ফিরব।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কার তাজুল ইসলাম বলেন, মেয়র ও কর্মকর্তাদের অনেকেই অফিসে আসছেন না। যে কারণে সেবা দেওয়া যাচ্ছে না। তাছাড়া কাউন্সিলররা এলাকায় নেই। মেয়র কোনো প্যানেল মেয়রকে দায়িত্ব না দেওয়ায় ৩৫০ কর্মচারীর বেতন হয়নি। পেট্রোল পাম্প পুড়িয়ে দেওয়ায় তেল বাকিতে কেনা লাগছে। সেবা বলতে শুধু ময়লা-আবর্জনা অপসারণ শাখার কাজ চলছে।

তিনি আরও বলেন, প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা না থাকায় কোনো কাজই করা যাচ্ছে না। বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। আশা করি, রোববারের মধ্যে নির্দেশনা আসবে।