Home আঞ্চলিক যশোরে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম

যশোরে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম

80


যশোর অফিস।।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পতিত আওয়ামী লীগ সরকারের নির্মমতায় ঝরেছে অসংখ্য ছাত্র-জনতার প্রাণ। এ অনাকাঙ্ক্ষিত রক্তপাতের পর ক্ষমতার পালাবদল হয়েছে। বদলে গেছে দেশের দৃশ্যপট। দেশ পরিচালনায় গঠন হয়েছে নতুন সরকার।

এমন সময় আন্দোলন সংগ্রামের বিবর্ণ অতীতকে পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন আঁকছেন নতুন প্রজন্ম। তাদের নতুন স্বপ্নের কথা শহরজুড়ে দেওয়ালচিত্রে তুলে ধরছেন শিক্ষার্থীরা।

শুক্রবার সকাল থেকেই যশোর শহরের বিভিন্ন সড়কের পাশে দেওয়ালে শিক্ষার্থীদের এ চিত্রকর্ম করতে দেখা যায়। শহরের বাসিন্দা বিভিন্ন বয়সের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ কর্মযজ্ঞে অংশ নেন।

শিক্ষার্থীরা জানান, সরকার পতন হয়েছে। নতুন করে দেশ গড়ার প্রত্যয় তরুণদের। পুরোদমে দেশ সংস্কার করতে হবে বলে মনে করেন তারা। গত কয়েকদিন দেশে যে সহিংসতা হয়েছে, তা ভুলে গিয়ে এগিয়ে যেতে চান। তাই কালো অতীত মুছে নতুন দিগন্ত লিখছেন তারা। শিক্ষার্থীদের এমন শিল্পকর্ম নজর কেড়েছে পথচারীদের। অনেকেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন তাদের নানামুখী সৃজনশীল কর্মযজ্ঞ।

এর মধ্যে রয়েছে একতাই বল, বীর বাঙালির অহঙ্কার, বাংলাদেশের মানচিত্র, সংগ্রাম, ঐক্য, দুর্নীতি, প্রাণ প্রকৃতি বৈষম্যবিরোধী আন্দোলনের একাধিক মুহূর্তসহ নানা বিষয়।

দুপুর দেড়টার দিকে যশোর পৌর পার্ক এলাকার দেওয়ালে অন্তত ২০ শিক্ষার্থী শিল্পকর্ম আঁকছেন। কেউ রং গোলাচ্ছেন, কেউবা মনোযোগ দিয়ে বিভিন্ন আল্পনা এঁকে চলেছেন। এক পাশে ক্লান্ত শরীরে কয়েকজন গোল হয়ে রুটি কলা বিস্কুট খাচ্ছেন।

সরকারি মাইকেল মধুসূদন মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম ইসলাম সারা বলেন, ‘আমাদের কর্মসূচি হলো ছাত্র আন্দোলনে যারা শহিদ হয়েছেন, রক্ত ঝরিয়েছেন তাদেরকে ঘিরে। তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক স্লোগান, কথাবার্তা এবং উসকানিমূলক বাক্য লেখা ছিল, যা অশোভনীয়। তাই আমরা দলবদ্ধ হয়ে দেওয়াল রং করে, দেশের ঐতিহ্য, শহিদদের স্মৃতি ও আন্দোলনের স্মৃতি ফুটিয়ে তুলছি।’

৩০-৩৫ জনের একটি দল যশোর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের দেওয়ালে গ্রাফিতি আঁকছিলেন। তাদের মধ্যে মৌমিতা রায় নামে এক শিক্ষার্থী বলেন, ‘আন্দোলন চলাকালীন এলোমেলোভাবে লেখা অনেক অশোভন ও রাজনৈতিক স্লোগান আমরা সাদা রং দিয়ে মুছে দিচ্ছি। স্বাধীন দেশে তা দেখতে ভালো দেখাচ্ছিল না। আবার সাদা দেওয়ালটাও দেখতে ভালো দেখাবে না বলে সেখানে বিভিন্ন শিল্পকর্ম আঁকছি আমরা। পাশাপাশি দেশ সংস্কারের অভিনব সব স্লোগান লিখছি।