খুলনাঞ্চল রিপোর্ট।।
কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী এলাকার গড়াই নদীর ওপর নির্মিত সৈয়দ মাসুদ রুমী সেতুর টোলপ্লাজায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন বিক্ষুব্ধ জনতা।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। সেতুর টোল আদায় বন্ধের দাবিতে স্থানীয়রা এই হামলা চালিয়েছেন বলে জানা গেছে। এমনটাই জানিয়েছেন টোলপ্লাজার টোল আদায়কারী, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শীরা।
অন্যদিকে, টোলপ্লাজায় হামলার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। খবর পেয়ে সেতুর দুই প্রান্তে শত শত জনতা ভিড় জমায়। এতে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সেতুটি উপজেলার চাপড়া ইউনিয়নে অবস্থিত।
জানা গেছে, সড়ক ও জনপথ (সওজ) ২০০৪ সালে ৩৫ কোটি টাকা ব্যয়ে কুমারখালীতে গড়াই নদীর ওপর নির্মাণ করে সৈয়দ মাসুদ রুমী সেতু। ২০০৫ সাল থেকে সেতু ব্যবহারকারীদের কাছ থেকে ইজারাদারের মাধ্যমে টোল আদায় করছে সওজ। এরই মধ্যে নির্মাণ ব্যয়ের কয়েক গুণ বেশি টাকা উত্তোলন করা হলেও সওজের পক্ষ থেকে টোল আদায় বন্ধে নেওয়া হয়নি পদক্ষেপ। তিন অর্থবছর অন্তর সেতু ইজারা দেওয়া অব্যাহত থাকে। চলতি বছরের জুন মাসে ইজারার মেয়াদ শেষ হলে খাস আদায় করছে সওজ বিভাগ। প্রতিদিন ৩ থেকে ৪ লাখ টাকা খাস আদায় হচ্ছে। সম্প্রতি প্রায় ৩৩ কোটি টাকায় সেতুটি ইজারা হয়েছে। তবে চলমান পরিস্থিতির কারণে দায়িত্ব বুঝে নেননি ইজারাদার।
স্থানীয়রা জানান, সেতুর নির্মাণ ব্যয়ের কয়েক গুণ বেশি টাকা উত্তোলন হলেও টোল আদায় বন্ধ হয়নি। এ নিয়ে মানববন্ধন, আন্দোলন, কর্তৃপক্ষের কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। তবুও টোল আদায় চলমান থাকায় দীর্ঘদিন ধরে ক্ষোভ বিরাজ করছিল স্থানীয়দের মাঝে।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে সেতুর পূর্বাঞ্চল থেকে একদল লোক এসে টোল আদায় বন্ধ ঘোষণা করেন। এ নিয়ে আদায়কারীদের সঙ্গে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে তারা টোলপ্লাজা ভাঙচুর করে তাতে অগ্নিসংযোগ করেন। এ সময় একটি বাড়ি ও একটি দোকান ভাঙচুর করা হলে সেতুর পশ্চিমাঞ্চলেও শত শত মানুষ ছুটে আসেন। থমথমে পরিবেশ সৃষ্টি হলে বন্ধ হয়ে যায় যান চলাচল।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, টোল আদায়কারীদের কেউ টোলপ্লাজায় নেই। যান চলাচল ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। সেখানকার টোলপ্লাজা ভেঙে দেওয়া হয়েছে। তাতে আগুনের পোড়া ক্ষত।
এ সময় সেতুর টোল আদায় বন্ধের দাবি দীর্ঘদিনের বলে জানান নাম প্রকাশে অনিচ্ছুক একজন প্রত্যক্ষদর্শী। তিনি জানান, প্রথমে পূর্বাঞ্চলের লোকজন টোল বন্ধ ঘোষণা করে টোলপ্লাজা, দোকানপাট ও ঘরবাড়িতে ভাঙচুর চালায়। পরে পশ্চিমাঞ্চলের মানুষ ছুটে এসে ধাওয়া করে।
নাম প্রকাশ না করার শর্তে টোল আদায়কারী ও কুষ্টিয়া সওজের কর্মচারী জানান, প্রতিদিনের মতোই তারা টোল আদায় করছিলেন। তবে সকাল সাড়ে ৮টার দিকে একদল লোক এসে টোলপ্লাজায় হামলা চালায় ও আগুন লাগিয়ে টোল আদায় বন্ধ ঘোষণা করেন।
চাপড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক মনজু জানান, টোল বন্ধের দাবিতে বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়েছে। তবে এখন পরিবেশ স্বাভাবিক।
কুষ্টিয়া সওজের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম জানান, টোলপ্লাজায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। আপাতত টোল আদায় বন্ধ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।











































