Home আঞ্চলিক চারদিকে পোড়া গন্ধ, তেল লুটে অচল বর্জ্যের গাড়ি

চারদিকে পোড়া গন্ধ, তেল লুটে অচল বর্জ্যের গাড়ি

43


খুলনাঞ্চল রিপোর্ট।।

দোতলা ভবনের বিভিন্ন কক্ষ থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া, চারদিকে পোড়া গন্ধ। একটি কক্ষেরও দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমারি, বই-খাতা, কাগজ, টয়লেটের কমোড কিছুই নেই। নিচতলা থেকে দ্বিতীয় তলার সব জায়গায় মেঝেতে ছড়িয়ে আছে পুড়ে যাওয়া কাগজ ও ভাঙা কাচের টুকরা। এর মাঝে গুরুত্বপূর্ণ নথির ধ্বংসাবশেষ খুঁজে বেড়াচ্ছেন কর্মচারীরা।

গতকাল বুধবার সকালে খুলনা জেলা পরিষদে গিয়ে দেখা গেছে এমনই ছবি। গত দু’দিনে দফায় দফায় ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ হওয়া সরকারি গুরুত্বপূর্ণ এই দপ্তরটি এখন ধ্বংসস্তূপ। কোথাও বসার জায়গা নেই। কেউ দেয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে, কেউ পুড়ে যাওয়া টেবিলের হেলান দিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে সহকর্মীর সঙ্গে আলোচনা করছেন। সবার চোখে-মুখে দুশ্চিন্তার ভাঁজ।

এর মধ্যে এলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা। তাঁরও বসার জায়গা নেই। কিছু সময় দাঁড়িয়ে থেকে বিভিন্ন নির্দেশনা দিলেন কর্মচারীদের। পরে কর্মচারীর আবাসিক ভবন থেকে কয়েকটি প্লাস্টিকের চেয়ার এনে বসতে দেওয়া হলো প্রধান নির্বাহীকে। বাকিরা দাঁড়িয়ে থাকলেন। পাশের ভবনে জেলা পরিষদের মালিকানাধীন দৈনিক খুলনা পত্রিকার কার্যালয়। সেই ভবনও পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। লুটপাট হয়েছে চেয়ার-টেবিল, কম্পিউটারসহ সবকিছু। ভবনটিতে পোড়া কিছু কাগজ ছাড়া আর কিছুই নেই।

খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজা রশীদ বলেন, ‘ভাঙচুর-আগুনের পর এমনভাবে লুটপাট হয়েছে, যা কাউকে বলে বোঝানো যাবে না। চেক বই, যাবতীয় নথি, প্রকল্পের বিবরণ, বিলের নথি, বিল-ভাউচার, কম্পিউটার কিছুই রেখে যায়নি দুর্বৃত্তরা। আমার ব্যক্তিগত কিছু কাগজ ছিল টেবিলের ড্রয়ারে। সেই ড্রয়ারও নিয়ে গেছে।’ তিনি বলেন, ‘এখন কোন ব্যাংকে কত টাকা আছে, জানার কোনো উপায় নেই। এমনভাবে ভবনটি পোড়ানো হয়েছে–পুনর্নির্মাণ ছাড়া এটা ব্যবহারেরও সুযোগ কম। সেই টাকাই বা কে দেবে?’

পেট্রোল পাম্প লুটের কারণে অচল গাড়ি গত সোমবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) পেট্রোল পাম্প ভাঙচুর ও লুটপাট হয়। দুর্বৃত্তরা পাম্প থেকে তেল তো নিয়েছেই, তেল দেওয়ার মেশিনও খুলে নিয়ে গেছে। নিয়েছে মেশিনের মোটর, দরজা, জানালার গ্রিল, বৈদ্যুতিক তার, সুইচ, লাইট, ফ্যান, বাথরুমের দরজাও খুলে নিয়ে গেছে। পাম্পে তেল রাখার রিজার্ভারের লোহার ঢাকনাগুলোও নেই।

কেসিসি থেকে জানা গেছে, বর্জ্য পরিবহনের জন্য নগরীতে প্রতিদিন কেসিসির ৬৭টি ট্রাক চলাচল করে। পাশাপাশি ৭টি কনটেইনারবাহী গাড়ির সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনার পে-লোডার এবং ২০টি দাপ্তরিক কাজে ব্যবহৃত গাড়ির জন্য প্রতিদিন জ্বালানি তেলের প্রয়োজন। সব মিলিয়ে প্রতিদিন কেসিসির নিজস্ব গাড়িতে ৩০০ লিটারের বেশি জ্বালানি তেল লাগে।

পাম্প লুট হওয়ায় গাড়িতে তেল দেওয়া যাচ্ছে না। সিটি মেয়র কার্যালয়ে অনুপস্থিত থাকায় অন্য স্থান থেকেও তেল কেনা যাচ্ছে না। এ অবস্থায় গত দু’দিন গাড়িতে তেল দেওয়া বন্ধ ছিল। এর প্রভাব পড়ে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায়। গাড়ি বন্ধ থাকায় নগরীর বিভিন্ন সড়কে বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে, যা নিয়ে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা লস্কর তাজুল ইসলাম বলেন, সামান্য কিছু তেল ছিল। তা রেশনিং করে দেওয়া হচ্ছে। আপাতত অন্য একটি পাম্প থেকে বাকিতে তেল কিনে কিছু বর্জ্য পরিবাহী গাড়ি বের করা হচ্ছে।