অনলাইন ডেস্ক।।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে অল্প সময়ের প্রচারণায় বাজিমাত করেছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস। জুলাই মাসে ৩১ কোটি ডলার নির্বাচনী তহবিল সংগ্রহ করেছেন তিনি। এই অর্থ তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে দ্বিগুণেরও বেশি। হ্যারিসের প্রেসিডেন্সিয়াল ক্যাম্পেইনের হাতে এখন ৩৭ কোটি ৭০ লাখ ডলার নগদ অর্থ রয়েছে। খবর সিএনএনের।
এই তহবিলের সিংহভাগ ২০ কোটি ডলারেরও বেশি সংগ্রহ হয়েছে তার প্রচারণার প্রথম সপ্তাহে। একটি বিবৃতিতে হ্যারিসের প্রচার দল জানিয়েছে, প্রথমবারের মতো নির্বাচনী তহবিলে অর্থ দিচ্ছেন, এমন দাতাদের থেকেই মোট তহবিলের দুই-তৃতীয়াংশ এসেছে।
এর আগে গত ২১ জুলাই প্রেসিডেন্ট জো বাইডেন আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্সিয়াল নির্বাচনের দৌড় থেকে সরে দাঁড়ান। সেদিনই তিনি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে প্রার্থী হিসেবে সমর্থন দেন। পরের রাতেই হ্যারিস দলীয় মনোনয়নের জন্য পর্যাপ্ত প্রতিনিধির সমর্থন পান।
জুলাইয়ে দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর তহবিলের আকার একটি উল্লেখযোগ্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। গত বৃহস্পতিবার ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, গত মাসে তারা ১৩ কোটি ৮৭ লাখ ডলার সংগ্রহ করেছে। তাদের হাতে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৩২ কোটি ৭৯ লাখ ডলার। তা সত্ত্বেও, জুলাই ছিল ট্রাম্পের জন্য একটি শক্তিশালী তহবিল সংগ্রহের মাস। এ সময়েই তিনি দলের মনোনয়ন পেয়েছেন এবং একটি হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেছেন।
এর আগে ২০২০ সালের সেপ্টেম্বরে বাইডেনের প্রচার দল ও ডেমোক্রেটিক পার্টি ৩৮ কোটি ৩০ লাখ ডলার সংগ্রহ করেছিল। তবে গত মাসে হ্যারিসের তহবিলের একটি আলাদা বিশেষত্ব রয়েছে। এটি দেখিয়ে দিয়েছে, প্রার্থিতা দলের জন্য তহবিল সংগ্রহের গতিপথকে কতটা দ্রুত পরিবর্তন করে দেয়। কারণ বাইডেন সরে দাঁড়ানোর আগে ডেমোক্র্যাটদের তহবিল সংগ্রহ অনেক ধীর ছিল।
এদিকে, হ্যারিসের বর্ণপরিচয় নিয়ে প্রশ্ন তুলে তুমুল সমালোচনার মুখে পড়েছেন ট্রাম্প। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের একসময়ের সহযোগী ও খ্যাতনামা কৌশলবিদ স্কট জেনিংস জানান, এ কেলেঙ্কারি থেকে ট্রাম্পের বেরিয়ে আসা উচিত। কিন্তু কোনো না কোনো অসৎ উদ্দেশ্যে ভারতীয় বংশোদ্ভূত মার্কিনিদের সঙ্গে কমলার আনন্দ উদযাপনের ছবি শেয়ার করে সাবেক প্রেসিডেন্ট কেলেঙ্কারিকে দ্বিগুণ করছেন।











































