Home আঞ্চলিক সাতক্ষীরায় ব্যাপক বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে ফাটল

সাতক্ষীরায় ব্যাপক বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত, বাঁধে ফাটল

21

সাতক্ষীরা প্রতিনিধি।।

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে। বুধবার গভীর রাত থেকে শুরু করে বৃহস্পতিবার দিনব্যাপী বৃষ্টি হয়। ভারী বৃষ্টি হয়েছে জেলার সর্বত্র। এতে জনজীবনে দুর্ভোগ বেড়েছে।

সাতক্ষীরা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিক্কর আলী বলেন, গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১২৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমের রেকর্ড। ভারী বৃষ্টিপাতের ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অসংখ্য মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। নিচু এলাকার রাস্তাঘাটে জমেছে হাঁটুপানি।
টানা বৃষ্টি ও নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় শ্যামনগরের গাবুরায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা। গাবুরার বাসিন্দা অয়েজ কুরুনী জানান, বৃহস্পতিবার সকালে দ্বীপ ইউনিয়ন গাবুরার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর গাবুরা নামক স্থানে ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বেড়িবাঁধে ফাটল দেখা দিয়েছে। তাৎক্ষণিক বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুততম সময়ে পদক্ষেপ না নিলে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার শঙ্কা রয়েছে।

গাবুরার ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইমাম হোসেন জানান, বুধবার সামান্য ফাটল দেখা দিয়েছিল। বৃহস্পতিবার সকাল নাগাদ তা ১০০ ফুটের মতো জায়গাজুড়ে বিস্তার লাভ করেছে। এখনই সংস্কারের উদ্যোগ না নিলে রাতের মধ্যে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হতে পারে।

বাঁধ ফাটলের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানিয়ে গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, কর্তৃপক্ষ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছে।

শ্যামনগর পানি উন্নয়ন বোর্ডের ১৫ নম্বর পোল্ডারে দায়িত্বরত উপসহকারী প্রকৌশলী মো. সাজ্জাত হোসেন বলেন, তারা জানতে পেরে দ্রুত জিও টিউব দিয়ে বাঁধ ফাটল রোধের পরিকল্পনা নিয়েছেন। আজই (শুক্রবার) কাজ শুরু হবে।