Home আঞ্চলিক পাঁচ নদীর চর দখলের মহোৎসব

পাঁচ নদীর চর দখলের মহোৎসব

15


ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি।।

খুলনার ডুমুরিয়ায় ভদ্রা, শালতা, বুড়িভদ্রা, হরি নদী, থুকড়া-হামকুড়াসহ পাঁচ নদী তীব্র নাব্য সংকটে ভুগছে। পলি পড়ে সম্পূর্ণ ভরাট হয়ে গেছে এসব নদী। এদিকে স্থানীয় প্রভাবশালীরা প্রায় সাড়ে ৬০০ একর চরের সরকারি খাসজমি অবৈধ দখলে নিয়েছে।

অভিযোগ রয়েছে, অবৈধ জমি দখলে শীর্ষে রয়েছেন স্থানীয় তিন মুক্তিযোদ্ধা। ফলে বর্ষার মৌসুমে শুরু হয় স্থায়ী জলাবদ্ধতা। স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে সরকারি জায়গা উদ্ধার করা হবে এবং সেখানে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় বিনোদন কেন্দ্র এবং জনস্বার্থে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী ও উপজেলা প্রশাসন।
উপজেলা ভূমি অফিসের তথ্যমতে, উপজেলা সদর ঘেঁষে ভদ্রা ও শালতা নদী। পার্শ্ববর্তী এলাকায় খর্নিয়া হরি নদী, বুড়িভদ্রা ও থুকড়া-হামকুড়া নদী। প্রায় ৯৫ কিলোমিটার দৈর্ঘ্যের পাঁচটি নদীতে চর জেগে উঠেছে। আর প্রায় সাড়ে ৬ হাজার একর সরকারি জমি অবৈধ দখলে রয়েছে। এর মধ্যে ৯০ দশকে সামান্য কিছু জমি ভূমিহীনদের নামে স্থায়ী বন্দোবস্ত দেয় সরকার। এখন ডুমুরিয়া সদরে ভদ্রা, শালতা ছোট্ট একটি নালায় পরিণত হয়েছে। বুড়ি ভদ্রা ও হরি নদীরও একই দশা। থুকড়া-হামকুড়া নদী সম্পূর্ণ ফসলের মাঠে পরিণত হয়েছে। ডুমুরিয়া সদর, সাহস, ভান্ডারপাড়া, শোভনা, মাগুরখালী, গুটুদিয়া, খর্নিয়া, রুদাঘরা, রঘুনাথপুর, শরাফপুর, ধামালিয়া, মাগুরাঘোনা, আটলিয়া ও রংপুর এই ১৪ ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে সরকারি জমি অবৈধ দখলের মহোৎসবে পরিণত হয়েছে।


জানা যায়, স্থানীয় ভূমিদস্যুরা বিভিন্ন নদীর চর অবৈধভাবে দখল নিয়ে বহুতল পাকা ভবন, চিংড়ি ঘেরসহ স্থায়ী বাড়িঘর নির্মাণ করছে।

এদিকে তিন মুক্তিযোদ্ধা শেখ গোলাম হোসেন, এসএম মোবারক আলী ও গাজী নাজিম উদ্দীন উপজেলার প্রাণকেন্দ্রে প্রায় দেড় একর জমি অবৈধ দখলে নিয়েছেন। যার মূল্য প্রায় ৪০ কোটি টাকা। সেখানে চারটি বহুতল পাকা ভবন নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছেন তারা। এ ছাড়া একটি মার্কেট নির্মাণ করে ১৬টি দোকানও ভাড়া দেওয়া হয়েছে। তবে নাজিম এখানে বসবাস করেন না বলে জানিয়েছেন। তাঁর দখলে থাকা চার-পাঁচটি দোকান তিনি ভাড়া দিয়েছেন। গোলাম হোসেন ও মোবারক বলেন, ‘দেশ স্বাধীন করেছি। আমরা বীর মুক্তিযোদ্ধা। আমাদের এখানে কেউ হাত দেয় না।’
স্থানীয়দের ভাষ্য, উপজেলার পাঁচটি নদীতে আশির দশক থেকে ধীরে ধীরে পলি জমে নাব্য হারাতে থাকে। একই সঙ্গে নদী সংলগ্ন ১০টি পোল্ডারে ৩৬৬ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ওই বাঁধের বিভিন্ন স্থানে পাউবোর নির্মিত ১০১টি স্লুইসগেট রয়েছে। তার মধ্যে ৭৫টি সম্পূর্ণ অকেজো এবং গেটের খালগুলো পলিতে ভরাট হয়ে গেছে। অবৈধ চর দখলের কারণে ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়নের প্রায় সাড়ে ৪ লাখ মানুষ সরকারের নানামুখী সামাজিক উন্নয়ন থেকে বঞ্চিত।

নাম প্রকাশ না করার শর্তে রুদাঘার ইউপির এক সাবেক মহিলা সদস্য জানান, ২০০৮ সালে ডুমুরিয়া হরি নদীতে পলি অপসারণে ড্রেজিং শুরু করা হলেও কয়েক দিন পর তা অদৃশ্য কারণে বন্ধ হয়ে যায়। নদীতে ড্রেজিং বন্ধ হয়ে যাওয়ার পেছনে প্রভাবশালী ও ভূমিদস্যুদের হাত ছিল বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রাও।
বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হামিদ জানান, জেগে ওঠা চর দখলের পাশাপাশি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা নদীর সীমানাও দখল করে নিয়েছেন। ফলে নদী তার স্বাভাবিক গতি হারিয়েছে। নদীর চরে এখন বহুতল পাকা ভবন, ঘরবাড়ি, কলকারখানা, মাছের ঘের, ডিপো ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। সেখানকার সরকারি জমি একাধিকবার হাতবদল হয়ে পজেশন বিক্রি হয়েছে। গত ১০ বছরে ধরে ডুমুরিয়ায় সাড়ে ৪ লাখ মানুষ জলাবদ্ধতার শিকার।
ডুমুরিয়া রুদাঘরা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক আমান উল্লাহ মতে, জলবায়ু বিপর্যয়ের কারণে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেড়িবাঁধের বাইরের অংশ পলি পড়ে উঁচু হয়ে গেছে এবং বাঁধের ভেতরের অংশ নিচু হয়ে গেছে। ফলে নদীর অববাহিকায় মানুষের জীবনযাত্রা ফিরিয়ে পাউবোর বেড়িবাঁধের ভেতরে জোয়ার-ভাটার স্রোতের ব্যবস্থা করার বিকল্প নেই।
নদী বিশেষজ্ঞ ও পাউবোর প্রকৌশলী শরিফুল ইসলামের মতে, যৌবনহারা পাঁচটি নদী দ্রুত দখলদারদের হাত থেকে মুক্ত ও খনন করে স্রোত সৃষ্টির প্রয়োজন। অন্যথায় ডুমুরিয়াসহ পার্শ্ববর্তী কয়েকটি উপজেলার প্রায় ১৫ লাখ মানুষ মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে।

পরিবেশবিদরা মনে করেন, ওই পাঁচটি নদীর সঙ্গে সংযোগ বেড়িবাঁধের ওপর বিভিন্ন স্থানে অপরিকল্পিত নতুন করে প্রায় অর্ধশতাধিক নির্মিত স্লুইসগেট অব্যবস্থাপনার কারণে পানির সঙ্গে পলি আটকে উঁচু হয়ে পড়ছে। ফলে এ অঞ্চলের মানুষ নানাভাবে দুর্ভোগের শিকার হয়। এ ছাড়া দিন দিন লবণাক্ততার পরিমাণ সহনীয় মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। এ অবস্থায় এ অঞ্চলের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে।
ডুমুরিয়া উপজেলা সহকারী (ভূমি) আরাফাত হোসেন জানান, ডুমুরিয়ায় পাঁচটি নদীর চর অধিকাংশ ক্ষেত্রেই অবৈধভাবে দখল হয়েছে। সরকারি জমি উদ্ধারে সার্ভের কাজ চলছে। অবৈধ দখলের থাকা জমি উদ্ধার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আর মুক্তিযোদ্ধাদের অবৈধ দখলে অনেক জমি রয়েছে।
খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়া জানান, ২০১৯ সালে শালতা ও ভদ্রা নদীর চরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ করে ৭৩ কোটি টাকা ব্যয়ে ৩০ কিলোমিটার নদী খনন করা হয়। পলি পড়ে তা আবারও ভরাট হয়ে গেছে। ফের নদী খননের পরিকল্পনা রয়েছে।

ইউএনও মুহাম্মদ আল-আমিন জানান, জেলার সবচেয়ে বড় উপজেলা ডুমুরিয়া। অথচ শিশুদের জন্য কোনো বিনোদন কেন্দ্র নেই। এ বিষয় ভূমিমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। সরকারি জমি উদ্ধার করে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য দৃষ্টিনন্দন পার্ক ও বিভিন্ন স্থাপনা নির্মাণের পরিকল্পনা নেওয়া হচ্ছে।
ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি জানান, ডুমুরিয়া নদীর চরে কয়েকশ বিঘা সরকারি খাসজমি রয়েছে। যেই হোক না কেন, সরকারি জমি অবৈধ দখলে রাখার সুযোগ দেওয়া হবে না। অনেক আগে কিছু মানুষ ভূমিহীন সেজে বন্দোবস্ত নিয়েছেন। অবৈধ দখলে থাকা জমি উদ্ধারে সম্প্রতি স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে।