নিজস্ব প্রতিনিধি।।
সাব্বির হোসেন (২৩) ও প্রকৌশলী রাকিবুল হাসানের (২৯) মায়েদের কান্না যেন থামছেই না। কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকায় পৃথক স্থানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তারা। ছেলে হারানোর শোকে তাদের চোখে নিদ্রা নেই। প্রতিটা রাত যেন দুই পরিবারের কাছে অবসাদহীন অপেক্ষার প্রতিচ্ছবি। সারাক্ষণ তারা নিহত ছেলেদের স্মৃতি নিয়ে আহাজারি করছেন। পেশায় দুজনেই বেসরকারি চাকরিজীবী ছিলেন।
এরমধ্যে শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের আমোদ আলীর ছেলে সাব্বির হোসেন গত ১৮ জুলাই ঢাকার উত্তরায় ওষুধ কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। পরদিন ১৯ জুলাই সাব্বিরের মরদেহ সকাল ১০টার দিকে মির্জাপুর গ্রামে দাফন করা হয়।
উত্তরার ১৩নং সেক্টরে অর্গান লিমিটেড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন সাব্বির। সংসারের একমাত্র উপার্জনক্ষম সাব্বিরকে হারিয়ে বাকরুদ্ধ তাদের পরিবার। সাব্বিরের বোন সুমাইয়া খাতুন বলেন, ‘আমার ভাই তো কোনো দল করতেন না। চাকরি করে আমাদের সংসার চালাতেন। তাহলে কেন তাকে মারা হলো? এখন কে আমাদের সংসার চালাবেন? কার কাছে বিচার চাইবো?’
নিহত সাব্বিরের মা রাশিদা খাতুন জানান, সাব্বিরের বাবা এখন কাজ করতে পারে না। পরিবারের বড় সন্তান হিসেবে সাব্বির সংসারের হাল ধরেছিলেন। সাব্বিরের মৃত্যুতে আমাদের গোটা পরিবার এখন অসহায়। আমার সন্তান হত্যার বিচার চাই।
বাবা আমোদ আলী বলেন, ‘আমার ছেলে কোনো রাজনীতি করতো না। পরিবারের হাল ধরার জন্য ঢাকায় গিয়েছিল চাকরি করতে। তার জ্বর হওয়ায় অসুস্থ শরীরে ওষুধ কিনতে বাইরে গিয়েছিল। আমার ছেলে তো কোনো আন্দোলনে ছিল না। তাহলে কেন মারা গেল?’
এদিকে, গত শুক্রবার (১৯ জুলাই) রাতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঝিনাইদহের চাকলাপাড়ার প্রকৌশলী রাকিবুল হাসান। ঘটনার দিন রাত সাড়ে ৯টার দিকে মিরপুর ১০নং সেক্টর এলাকায় পথচারী এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হন রাকিবুল। পরে তাকে স্থানীয়রা মিরপুর-৬ এলাকায় ডা. আজমল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রাকিব লন্ডনভিত্তিক বহুজাতিক কোম্পানি টাইগার রিস্ক ম্যানেজমেন্টে চাকরি করতেন।
রোববার (২৮ জুলাই) ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় প্রকৌশলী রাকিবুল হাসানের বাড়িতে গিয়ে দেখা যায় সুনশান নীরবতা। রাকিবুলের ব্যবহারিক জিনিসপত্র নিয়ে ক্যান্সার আক্রান্ত মা হাফিজা খাতুন কান্না করছেন। বাবা বিমানবাহিনীর সাবেক মাস্টার ওয়ারেন্ট অফিসার আবু বকর সিদ্দিক বাকরুদ্ধ। বড় ভাইয়ের ছেলে ছোট শিশু রাফসান ‘ছোট বাবা’, ‘ছোট বাবা’ বলে সারা ঘর খুঁজে বেড়ায় চাচাকে।
মৃত্যুর ঠিক আগে মুহূর্তে প্রকৌশলী রাকিবুলের সঙ্গে কথা হয় মা হাফিজার। বলেছিলেন- তিনি একটি গ্যারেজের মধ্যে বসে আছেন। রাত সাড়ে ৯টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বেন। কিন্তু কিছুক্ষণ পর তার ছেলে চিরঘুমে শায়িত হন। শুক্রবার এশার নামাজ পড়ে ফোন দেন বাবা আবু বকর। কিন্তু ফোন বাজলেও আর কেউ ধরেনি। রাত ১১টার দিকে ছেলের ফোন থেকে ফোন করে কেউ একজন মৃত্যুর খবর জানান। ভোররাতে রাকিবের বন্ধু ফয়সাল ও পিয়াস মরদেহ নিয়ে ঝিনাইদহ শহরে পৌঁছান।
মা হাফিজা বেগম জানান, আমার ছেলে আমাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল। মা-বাবাকে কাছে রাখার জন্য সে ঢাকায় বড় ফ্ল্যাট নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল।











































