Home আঞ্চলিক একমাত্র উপার্জনক্ষম ইয়াসিনকে হারিয়ে দিশেহারা মা

একমাত্র উপার্জনক্ষম ইয়াসিনকে হারিয়ে দিশেহারা মা

19


স্টাফ রিপোর্টার।।

মনজিলা বেগম স্বামী নূর ইসলাম শেখকে হারিয়েছেন ১৪ বছর আগে। তখন তার ছেলে ইয়াসিন শেখের বয়স মাত্র ৩ বছর। অন্যের বাড়িতে কাজ করে বড় করেন ছেলেকে। কিন্তু অর্থাভাবে ছেলেকে লেখাপড়া করাতে পারেননি। ১৭ বছরের ইয়াসিন কাজ করতো ঢাকার যাত্রাবাড়ী এলাকার একটি এলপি গ্যাস সিলিন্ডারের দোকানে ডেলিভারিম্যান হিসেবে।


গত ২০ জুলাই গ্রাহকের বাসায় গ্যাস পৌঁছে দিয়ে ফেরার সময় গুলিতে আহত হয়। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৫ জুলাই মারা যায় সে। উপার্জনক্ষম একমাত্র ছেলে ইয়াসিনকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন মা মনজিলা বেগম। তার গ্রামের বাড়ি খুলনার রূপসা উপজেলার রহিমনগর গ্রামে।

সোমবার (২৯ জুলাই) সকালে মনজিলা’র বাড়িতে গিয়ে দেখা যায়, জীর্ণশীর্ণ কুড়ে ঘরে বসবাস তাদের। মনজিলা বেগম জানান, ইয়াসিন গুলিবিদ্ধ হওয়ার পর কয়েকটা ছেলে ঢাকার যাত্রাবাড়ী মাতুয়াইল এলাকায় আমার ভাড়া বাসায় এসে জানায়। তখন আমার কাছে একটা টাকাও ছিল না, অনেক অনুরোধের পর রিকশাচালক বিনা ভাড়ায় আমাকে ইয়াসিনের কাছে নিয়ে যায়। এরপর তাকে মুগদা হাসপাতালে ভর্তি করি। পরে সে মারা যায়। মৃত্যুর পর মরদেহ গ্রামের বাড়িতে আনতেও অনেক হয়রানি পোহাতে হয়।

তিনি বলেন, ‘আমার ছেলের কোনো দোষ ছিল না। সে পথচারী ছিল। সে কোনো দল করতো না। কাজ করতো, ভাত খেত। আমি মানুষের বাড়িতে কাজ করি। ইয়াসিনের আয় দিয়েই বাসা ভাড়াসহ সংসার চলতো। আমাকে কাজ করে খাওয়ানোর মতো কেউ নেই। আমি এখন কী করে চলবো, আমাকে কে খাওয়াবে? আমার তো সব শেষ। এত অল্প বয়সে যে আমার বুক খালি করবে ভাবতে পারিনি। যার সন্তান যায় সেই মা-ই বোঝে তার সন্তানের দরদ। গ্রামের লোকজন চাঁদা তুলে টাকা দেয়, তারপরে অ্যাম্বুলেন্সে করে লাশ বাড়ি আনি।

মনজিলা বেগম বলেন, ইয়াসিন মাঝেমাঝে বলতো মা তুমি তো সারাজীবন ধরে কাজ করছো, এখন আমি কাজ শুরু করেছি, এখন থেকে তুমি বাসায় থাকবা। তোমার কাজ করা লাগবে না। ইয়াসিনের সেই আশা পূরণ হলো না।

চার ভাই-বোনের মধ্যে ইয়াসিন ছিল সবার ছোট। ৩ বোন নূরজাহান, নাসরিন ও শারমিনের বিয়ে হয়। তবে ছোট বোন শারমিনের সংসার না টেকায় সেও মায়ের বাসায় থাকে। শারমিন একটি কাগজের কারখানায় কাজ করে সামান্য কিছু টাকা পায়।