Home বিনোদন পুরোপুরি ফিট হয়েই দেশে ফিরছেন শাবনূর

পুরোপুরি ফিট হয়েই দেশে ফিরছেন শাবনূর

20

বিনোদন প্রতিবেদক।।

বিয়ে করে অস্ট্রেলিয়া পাড়ি জমানোর পর মাঝে-মধ্যে দেশে আসেন ঢালিউডের শিশিরস্নাত নায়িকা শাবনূর। তবে আজও তাকে পর্দায় দেখতে মুখিয়ে আছেন তার ভক্তরা। গত বছরের ১৭ ডিসেম্বর নিজের জন্মদিনে আগের দিন কাউকে না বলে আচমকা ঢাকায় এসে চমকে দেন শাবনূর। ওই সময় তিনটি নতুন সিনেমায় অভিনয় করার খবর দিয়ে নতুন করে ভক্তদের মধ্যে উন্মাদনা ছড়িয়ে ছিলেন তিনি। চলচ্চিত্রগুলো হচ্ছে- ‘মাতাল হাওয়া’, ‘রঙ্গনা’ ও ‘এখনও ভালোবাসি’। এমনকি এফডিসিতে রঙ্গনা সিনেমার পোস্টারের জন্য ফটোশুটেও অংশ নেন। সিনেমাটির শুটিংও করার কথা ছিল; কিন্তু এরই মধ্যে যেভাবে এসেছিলেন, সেভাবেই চুপিসারে অস্ট্রেলিয়া চলে যান। কবে আবার ফিরবেন সেটাও কেউ জানত না। যার দরুন চলচ্চিত্রমহল ও শাবনূরভক্তদের মধ্যে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়।

শাবনূরের গোপনে অস্ট্রেলিয়ায় চলে যাওয়া নিয়ে যখন দেশের গণমাধ্যমে নানা রকম খবর প্রচার হচ্ছিল এবং তার সিনেমা নিয়ে অনিশ্চয়তার কথা উঠছিল, তখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে সব গুঞ্জন, গুজবের অবসান ঘটান।

এ অভিনেত্রী জানান, সময় হলেই সবার সামনে আসল সত্যিটা প্রকাশ পাবে। মূলত পরিচালকের শর্ত ছিল কমপক্ষে ১৫ কেজি ওজন কমাতে হবে। ওজন না কমালে রঙ্গনা সিনেমার শুটিং করা সম্ভব হবে না। পরিচালকের কথা অনুয়ায়ী ওজন কমাতে মরিয়া হয়ে ওঠেন তিনি। কিছুদিন আগে ওজন কমিয়ে ফেসবুকে নিজের নিউ লুক প্রকাশ করেন শাবনূর। যা দেখে রীতিমতো চমকে ওঠেন অনেকেই। এবার সেই চমক আরও বাড়িয়ে দিয়ে ইনস্টাগ্রামে আরও দুটি নতুন ছবি শেয়ার করছেন। এই ছবিই বুঝিয়ে দিচ্ছেন অতিরিক্ত ঘাম ঝরিয়ে নিজেকে শুটিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত করেছেন নন্দিত এই অভিনেত্রী। জানা গেছে খুব শিগগিরই দেশে ফিরে রঙ্গনা ছবির শুটিং শুরু করবেন তিনি।

শাবনূর বলেন, আমি সব সময় আমার দর্শক আর ভক্তদের বেশি গুরুত্ব দিয়েছি। এখনো দিই। তাই বলছি, তোমরা যেটা চাইবে সেটাই হবে। তোমরা যেটা পছন্দ কর, সেটাই করব। তোমরা যেটা পছন্দ কর না সেটা কখনই করব না ইনশাল্লাহ।

উল্লেখ্য, মা হওয়ার পর থেকেই ফিটনেসে পরিবর্তন এসেছে শাবনূরের। অতিরিক্ত মুটিয়ে গেছেন তিনি। শারীরিকভাবে অসুস্থতারও শিকার হয়েছেন। গেল কয়েক বছরে বহুবার তাকে ফেরাতে চেয়েছেন অনেক নির্মাতা। তবে শাবনূর সময় নিয়েছিলেন ফিট হয়ে ফিরবেন বলে। সেই সঙ্গে তিনি দোয়া চান সবার কাছে সুস্থ হয়ে কাজে ফেরার জন্য। শেষবার যখন তিনি দেশে এসেছিলেন, তখনও শাবনূর ফিট ছিলেন না। আর ফিট না হয়ে সিনেমায় তার নতুন ইনিংস শুরু করাটা অনেকে ইতিবাচকভাবে নেননি। তারা পরামর্শ দেন শাবনূরকে আরও সময় নিতে। হয়তো তাদের পরামর্শই শুনেছেন নায়িকা। ফিরে যান অস্ট্রেলিয়ায়।