বিনোদন ডেস্ক।।
সবশেষ ‘ছায়াবৃক্ষ’ ছবি নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হয়েছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। বন্ধন বিশ্বাস পরিচালিত এ ছবিতে তার নায়ক ছিলেন নিরব হোসেন। তবে ছবিটি একেবারেই দর্শকপ্রিয়তা অর্জন করতে পারেনি। তার আগে এ নায়িকার ‘লাল শাড়ি’ ছবিটিও মুক্তি পেয়ে তেমন একটা সুবিধা করতে পারেনি। এদিকে অপু বিশ্বাসের হাতে এখন তেমন কোনো ছবিই নেই। নতুন কোনো ছবিতেও তার চুক্তিবদ্ধ হওয়ার খবর পাওয়া যায়নি। বরঞ্চ ব্যক্তিগত বিষয় নিয়েই আলোচনায় থাকছেন এ নায়িকা। পাশাপাশি বিভিন্ন ব্র্যান্ডের হয়ে কাজ করে চলেছেন। পাশাপাশি নিজের ব্যবসাটাও গুছিয়েছেন এ শিল্পী। রাজধানীর আফতাবনগরে তিনি দিয়েছেন ক্যাফে ও পার্লার।
এদিকে মাঝেমধ্যেই সাবেক স্বামী শাকিব খান সম্পর্কে মন্তব্য করেও আলোচনায় থাকছেন অপু। গত ঈদে বেশ কয়েকটি চ্যানেলে শাকিব খানের আরেক স্ত্রী শবনম বুবলীকে নিয়েও ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন তিনি। বিপরীতে বুবলীও সাক্ষাৎকারে তার উত্তর দিয়েছেন। সবশেষ শাকিব খানের দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ায় তাকে সমাজ মাধ্যমে শুভেচ্ছা জানান অপু। ক্যাপশনে লিখেন, অভিনন্দন, বাবুর বাবা! সেই পোস্টের বিপরীতে অনেকেই মিশ্র মন্তব্য করেন। এদিকে শাকিব খানের সঙ্গে অপু বিশ্বাসের একাধিক ছবিও আটকে আছে অনেক আগে থেকে। সেগুলো কখনো সম্পন্ন হবে কিনা তা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। কারণ শাকিব খান খোদ নিজেই চান না এত আগের সেই ছবিগুলো এই সময়ে আসুক। সব মিলিয়ে অপু বিশ্বাসের সিনেমার ক্যারিয়ার খুব একটা ভালো যাচ্ছে না।











































