Home খেলাধুলা সাকিবের লড়াকু ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

সাকিবের লড়াকু ফিফটিতে বাংলাদেশের চ্যালেঞ্জিং স্কোর

22


স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’ গ্রুপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-নেদারল্যান্ডস। আজ জিতলেই সুপার এইটে ওঠার লড়াইয়ে অনেকটাই এগিয়ে যাবে বাংলাদেশ। এমন সমীকরণের ম্যাচে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ১৫৯ রান করেছে টাইগাররা। মিডল অর্ডারে গত দুই ম্যাচের তুলনায় আজ কিছুটা ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

বৃহ্স্পতিবার (১৩ জুন) সেন্ট ভিনসেন্টে ব্যাটিংয়ে নেমে শুরুটা সুখকর হয়নি বাংলাদেশের। দলীয় ৩ রানেই নাজমুল হোসাইন শান্তর উইকেট হারায় বাংলাদেশ। তিনে নেমে ব্যর্থ হন লিটন দাসও। শান্ত ও লিটন দুজনকেই তুলে নেন অফস্পিনার আরিয়ান দত্ত। সাময়িক বিপর্যয় কাটিয়ে সেখান থেকে প্রতিরোধ গড়ে তোলেন তানজিদ হাসান তামিম এবং সাকিব আল হাসান।

তবে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ছোট তামিম। দলীয় ৭১ রানে পল ভ্যান মিকারেনের বলে বাস ডি লিডের হাতে ধরা পড়েন তিনি। আউট হওয়ার আগে বাংলাদেশ ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ রান করেন এই ডানহাতি ওপেনার। ২৬ বলে ৫ চার এবং এক ছক্কায় খেলেন ৩৫ রানের ইনিংস।

মিডল অর্ডারে গত দুই ম্যাচে ভালাে করলেও আজ সুবিধা করতে পারেননি তাওহিদ হৃদয়। ১৫ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর সাকিবের সঙ্গে যোগ দেন অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদ। ২১ বলে দুটি করে চার এবং ছক্কায় ২৫ রান করে থামেন রিয়াদ। একপ্রান্ত আগলে রেখে ১৯ ইনিংস পর ক্যারিয়ারের ১৩তম ফিফটি তুলে নেন সাকিব।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৯ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৪৬ বলে ৯টি চারের সাহায্যে সাকিব খেলেন ৬৪ রানের মান বাঁচানো ইনিংস। এছাড়া ৭ বলে ৩ চারে ১৪ রানে অপরাজিত থাকেন জাকের আলি।

ডাচ বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন আরিয়ান দত্ত এবং পল ভ্যান মিকারেন।