নড়াইল প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় অকালে ঝরে গেল আরও এক তরুণ প্রাণ। নড়াইলে মোটরসাইকেল-কাভার্ডভ্যান দুর্ঘটনায় নবম শ্রেণির ছাত্র রিয়ান হাসান মাফুন (১৪) নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছে আরোহী খায়রুজ্জামান (১৬)।
বুধবার রাত ৮টার দিকে ঢাকা-নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের তুলারামপুর সিকদারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাফুন তুলারামপুর দক্ষিণপাড়ার রিপন খানের একমাত্র ছেলে। সে চাঁচড়া নফেল উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। এছাড়া আহত খায়রুজ্জামান একই এলাকার শরিফুল ইসলামের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় আহসান হাবিব জানান, মাফুন বুধবার রাত ৮টার দিকে তার চাচা সুজন খানের মোটরসাইকেল নিয়ে তুলারামপুর বাজারে যাচ্ছিল। পথিমধ্যে মহাসড়কের তুলারামপুর এলাকার সিকদারবাড়ির কাছে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মাফুনসহ অপর আরোহী খায়রুজ্জামান রাস্তার উপর আছড়ে পড়ে। প্রচণ্ড আঘাত ও রক্তক্ষরণ হয় দুজনের।
তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ওসি শওকত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।











































