Home Uncategorized খুলনার ডুমুরিয়ায় পাউবোর ৪৫ বিঘা জমিতে আ’লীগ নেতার ঘের

খুলনার ডুমুরিয়ায় পাউবোর ৪৫ বিঘা জমিতে আ’লীগ নেতার ঘের

40


ডুমুরিয়া প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় গোলাবদোহা গ্রামে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বেড়িবাঁধসংলগ্ন ৪৫ বিঘা সরকারি জমি আওয়ামী লীগের এক নেতা অবৈধভাবে দখলে রেখেছেন বলে অভিযোগ উঠেছে। এতে মাছের ঘের করেছেন তিনি। উপজেলার মাগুরাঘোনা আরশনগর গ্রামের বাসিন্দা এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওশিয়ার রহমান চৌধুরীর দখলে রয়েছে এসব জমি। এ ছাড়া আরও অন্তত ৫০ বিঘা কয়েকজনের দখলে রয়েছে বলে নিশ্চিত করেছে পাউবো।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২১ বছর পর বেড়িবাঁধ সংস্কার করতে গিয়ে জমি দখলের বিষয়টি নিশ্চিত হয়েছে পাউবো। এখন এসব উদ্ধারে কাজ করছে সরকারি দপ্তরটি। এতদিন জমি দখলে থাকায় সরকার মোটা অঙ্কের রাজস্ব হারিয়েছে। নোনাপানির চিংড়ি চাষের ফলে সাড়ে পাঁচ কিলোমিটার বেড়িবাঁধসহ বনজ সম্পদও ধ্বংস হয়েছে। গোলাবদহ ও বয়ারশিংয়ের ক্ষতিগ্রস্ত এ বাঁধ ৯১ লাখ টাকা ব্যয়ে সংস্কারের কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ১৯৬৫-৬৬ সালে উপকূল অঞ্চলে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরুর সময় পাউবো অনেকের জমি অধিগ্রহণ করে। তবে অধিগ্রহণকারী সংস্থা তাদের নামে নামজারি (মিউটিশন) পরিবর্তন করেনি। যদিও নিয়মিত ভূমি উন্নয়ন কর পরিশোধ করেছে। এলাকার বিভিন্ন পোল্ডারে কিছু ভূমি উন্নয়ন (তপশিল) অফিসের রেকর্ডে আগের মালিকের নামও পরিবর্তন হয়নি।
এ সুযোগে কিছু ব্যক্তি জালিয়াতির মাধ্যমে প্রকৃত মালিকের ওয়ারিশদের সহযোগিতায় আগের দলিল ও খাজনার দাখিলা দেখিয়ে সরকারি জমি বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এর পাশেই ব্যক্তিমালিকানাধীন জমি থাকায় পাউবোর জমি একসঙ্গে বিক্রি করা হচ্ছে। তবে আটলিয়া ইউনিয়নের বয়ারশি মৌজায় পাউবোর নামে ৯৫ বিঘা জমি রেকর্ড রয়েছে। পাউবো নিয়মিত কর পরিশোধও করছে। হাল জরিপে এসব জমি তাদের নামে রেকর্ড রয়েছে বলে জানিয়েছেন বয়ারশিংয়ের উপসহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম।
মাগুরাঘোনা এলাকার মো. হাফিজুর রহমান বলেন, মাগুরখালী ও মাগুরাঘোনা ইউনিয়নের ২৭/১ ও ২৭/২ পোল্ডারে বয়ারশিং ও গোলাবদহ গ্রামে একই প্লটে জমির মালিক তাদের দাদা ও বাবা ছিলেন। এ জমি পাউবো অধিগ্রহণ করেছিল। অনেক চেষ্টা করেও তা অবমুক্ত করা সম্ভব হয়নি। ২১ বছর আগে থেকে মাগুরাঘোনা ইউনিয়ন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক আব্দুল হামিদ চৌধুরী ও তাঁর ভাই ওশিয়ার রহমান চৌধুরী ৪৫ বিঘা জমি অবৈধ দখলে রেখে মাছের ঘের গড়ে তুলেছেন।
ঘের করার কথা স্বীকার করে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওশিয়ার রহমান চৌধুরী বলেন, পাউবোর জমির প্লটে তাদের নিজস্ব জমি রয়েছে। তবে এ জমি পাউবোর, তা জানা নেই তাদের। মাছ চাষের ফলে বেড়িবাঁধের ক্ষতিসহ গাছ মারা গেছে। কর্তৃপক্ষ ‘ঝামেলা করছে’ বলে মাছ চাষ বন্ধ রেখেছেন তিনি।
যদিও নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজনের অভিযোগ, ক্ষমতার দাপটে তারা সরকারি জমি দখলে নিয়েছেন। চিংড়ি চাষের ফলে পানির তোড়ে বেড়িবাঁধের প্রায় ৭৫ শতাংশ ক্ষতি হয়েছে। বাঁধের দু’পাশের বনায়নের গাছ উজাড় হয়ে গেছে। পরিবেশে এর বিরূপ প্রভাব পড়ছে।
স্থানীয় মাগুরাঘোনা ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বলেন, এবার বর্ষা মৌসুমে স্থানীয়দের সমস্যা হবে। তবুও বেড়িবাঁধ সংস্কার হলে মাগুরাঘোনা, আটলিয়া ও মাগুরখালী ইউনিয়নের প্রায় ১৩টি গ্রামের মানুষ সড়কপথে যাতায়াতের সুবিধা পাবে। মাঠে উৎপাদিত ধান, মাছ, সবজি ও বিভিন্ন পণ্য বহন সহজ হবে। এ ছাড়া ২১ বছর ধরে কীভাবে পাউবোর এত জমি অবৈধ দখলে রেখেছে, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া দরকার।

ইউএনও মুহাম্মদ আল-আমিন বলেন, সরকারি সম্পদ দখলে নেওয়ার সুযোগ কাউকে দেওয়া হবে না। তাঁকে আইনের আওতায় আনা হবে। আর খুলনা পাউবোর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহমান তাজকিয়ার ভাষ্য, জমি দখলের বিষয়টি আগে জানা ছিল না। ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ এলাকায় কাজ করতে গিয়ে বিষয়টি জানা যায়। তবে সংস্কারের কাজ শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে অবৈধ দখলে থাকা জমি পাউবোর আওতায় আনা হবে। পাশাপাশি বাঁধের ক্ষতি ও বনজ সম্পদ উজাড়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।