Home আঞ্চলিক খুলনায় আধুনিক কসাইখানা নির্মাণ: চিঠি চালাচালিতেই পার ছয় বছর

খুলনায় আধুনিক কসাইখানা নির্মাণ: চিঠি চালাচালিতেই পার ছয় বছর

60


খুলনাঞ্চল রিপোর্ট
বছর ছয়েক আগে একটি আধুনিক কসাইখানা নির্মাণের প্রয়োজনীয়তা অনুভব করে খুলনা সিটি করপোরেশন (কেসিসি)। প্রকল্প আদায়ে ২০১৮ সালের ১১ জুলাই প্রাণিসম্পদ অধিদপ্তরের তৎকলীন মহাপরিচালক ডা. আইনুল হককে চিঠিও দেওয়া হয়। এতে সম্মতি জানিয়ে পাল্টা চিঠি পাঠায় অধিদপ্তর। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের আওতায় কসাইখানাটি তৈরি করার জন্য ওই বছরই নগরীর রাজবাঁধ এলাকায় ১০০ শতক জমি নির্বাচন করে উভয় পক্ষ। সেই থেকে বিষয়টি নথিতেই ঘুরপাক খাচ্ছে, মাঠে গড়ায়নি আজও।

জানা গেছে, কসাইখানার জন্য জায়গা বাছাইয়ের পর চার বছর গেছে দুই পক্ষের মধ্যে আরও কয়েক দফায় চিঠি চালাচালিতে। মাঝেমধ্যে দু-একটি বৈঠক হয়েছে। ২০২২ সালের ১৭ অক্টোবর প্রকল্পটি বাস্তবায়নে কেসিসির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও স্বাক্ষর করে প্রাণিসম্পদ অধিদপ্তর। এ খাতে ৮৩ কোটি টাকা দিতে রাজি হয় বিশ্বব্যাংক। এর পর দেড় বছর অতিবাহিত হলেও নির্বাচিত স্থানটিতে পড়েনি একটি কোদালের কোপও। এ অবস্থায় উদ্যোগটি নিয়ে হতাশ কেসিসিসহ সংশ্লিষ্টরা।

কেসিসির একমাত্র কসাইখানা নগরীর গল্লামারী মোড়ে ময়ূর নদীপাড়ে অবস্থিত। প্রায় অর্ধশত বছরের পুরোনো এই স্থাপনায় আধুনিক কোনো যন্ত্রপাতিই নেই। পশু জবাইয়ের পর বর্জ্য ও রক্ত ফেলা হয় নদীতে। এতে পরিবেশ দূষণের সঙ্গে পানিও নষ্ট হচ্ছে।
প্রকল্প সূত্রে জানা গেছে, প্রস্তাবিত আধুনিক কসাইখানায় প্রতিদিন ১০০ গরু জবাই ও বিক্রি উপযোগী করা যাবে। পশু জবাই করবেন প্রশিক্ষিত ইমাম। এর পর যন্ত্রের মাধ্যমে চামড়া, নাড়িভুঁড়ি আলাদা করে দেহটি চার ভাগ করে বিক্রেতাদের হাতে তুলে দেওয়া হবে। পুরো প্রক্রিয়া নিয়ন্ত্রণ করবে আধুনিক যন্ত্র। কসাইখানার বাইরে যাবে না রক্ত ও বর্জ্য কিছুই। সেগুলো দিয়ে কম্পোস্ট প্লান্টের সাহায্যে তৈরি করা হবে সার। চামড়া, শিং ও নাড়িভুঁড়ি আলাদাভাবে করা হবে রপ্তানির উপযোগী। এ ছাড়া জরুরি প্রয়োজনে মাংস ফ্রিজিংয়ের ব্যবস্থা, পশুর বিশ্রামাগার, জবাইয়ের আগে-পরে স্বাস্থ্য পরীক্ষার কক্ষসহ প্রয়োজনীয় সব সুযোগ-সুবিধা থাকবে।

কেসিসির ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস জানান, প্রাণিসম্পদ অধিদপ্তরকে জমি দিয়েছে কেসিসি। এর পর থেকে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ করা হচ্ছে। তবে কবে নাগাদ কাজ শুরু হবে, তা কারও জানা নেই।
প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের চিফ টেকনিক্যাল কো-অর্ডিনেটর ড. গোলাম রব্বানী বলেন, প্রকল্পটি নেওয়ার পর করোনার কারণে দু’বছর নষ্ট হয়েছে। কিছুটা সংশোধন আনা হয়েছে কসাইখানার নকশায়। সেটি অনুমোদনের জন্য ফের বিশ্বব্যাংকের সদরদপ্তরে পাঠানো হয়েছে। নকশা অনুমোদন হওয়া সাপেক্ষে চলতি মাসেই কসাইখানা নির্মাণের দরপত্র আহ্বান করা যেতে পারে।-সমকাল